প্রধানমন্ত্রীর বিমানে গোলযোগ: বিমানমন্ত্রীকে দায় নেওয়ার আহ্বান জাপা এমপির
হাঙ্গেরিগামী প্রধানমন্ত্রীর উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন কেন দায় নিচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টির দুই সংসদ সদস্য।
সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ এবং আবু হোসেন বাবলা ওই ঘটনায় বিমানমন্ত্রীকে দায় নেওয়ার আহ্বান জানান।
আলোচনার সূত্রপাত করে কাজী ফিরোজ রশীদ বলেন, “বিমানমন্ত্রী কেন দায় নেবেন না? উনি হয়তো বলবেন বিমানের বোর্ড দ্বারা চলে। বোর্ড বলছে পাইলটের কথা। একজন আরেক ওপর দায়িত্ব দিচ্ছে, তদন্ত কমিটি করেছে। তদন্ত কমিটি হয় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। এর আসল ঘটনা কী আমরা জানতে পারব?
“কতবড় দুর্ঘটনা ঘটতে পারতো। বিমানমন্ত্রী গতকাল বিবৃতি দিয়েছেন। তার কথার সাথে আমরা একমত নই। সবকিছু এত ছোট করে কেন দেখা হয়। নিচের দিকে কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, কর্মকর্তাদের কিছু হয় না।”
এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীকে নিয়ে বুদাপেস্টের পথে উড্ডয়ন শুরুর চার ঘণ্টা পর বিমানের বোয়িংটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে একে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়।
সরকার প্রধান শেখ হাসিনার বিমানের ওই ঘটনা নিয়ে নানা গুঞ্জন চলছে। গঠিত হয়েছে তিনটি তদন্ত কমিটিও।
একটি তদন্ত কমিটির এক সদস্য দুইদিন আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সমস্যার মূলে ছিল দৃশ্যত ‘মানবসৃষ্ট কারণ’। রোববার সংসদে বিমানমন্ত্রী রাশেদ খান মেননও মানবসৃষ্ট কারণে ওই ঘটনা ঘটেছে বলে জানান।
ফাইল ছবি
তদন্ত সংশ্লিষ্টরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেদিন উড়োজাহাজটিতে জ্বালানি বা ফুয়েলের কোনো সমস্যা ছিল না, ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্টের ট্যাংকের একটি নাট ঢিলা হয়ে গিয়েছিল।
কয়েকদিন আগে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটির লুব্রিকেন্ট ট্যাংকের পাশের অয়েল-অয়েল হিট এক্সচেইঞ্জার বা অয়েল প্রেসার সেন্সরে ‘ছোটখাটো একটি কাজ’ করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
সংসদে ফিরোজ রশীদ বলেন, “সাধারণ মানুষ বিমানে চড়ে। তাদের জীবনের কি কোনো মূল্য নেই? হাজার হাজার কোটি টাকা খরচ করছে বিমানের বোর্ড। বোর্ড মিটিংয়ে তারা সংসদ সদস্যদের চেয়ে বেশি টাকা নেন। বিমানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, এর প্রতিকার করতে হবে।”
“প্রধানমন্ত্রীর নিরাপত্তা নেই। সাধারণ মানুষের তাহলে কোথায়?”
পরে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা বলেন, “বিমানের কর্মচারী বরখাস্ত হয়েছে। কর্মকর্তাদের কিছুই হয় না। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
“কয়েকদিন আগে সৌদি আরব থেকে ফেরার সময় রানওয়েতে ধাতব বস্তু পড়েছিল। ২০ মিনিট দেরিতে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। বিমানমন্ত্রীকে বলব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।”
এর পর সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ বলেন, “প্রধানমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ প্রত্যেককে নাড়া দিয়েছে। এটা নিয়ে আরও আলোচনা হতে পারে। আরও কঠিনতম সিদ্ধান্তে আসা উচিত।”
বিএনএফ এর আবুল কালাম আজাদ বিমানের ওই ঘটনা নাশকতার চেষ্টা কিনা সেটা খতিয়ে দেখার দাবি জানান।
