২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁদুনে গ্যাস ছুড়ে মিরপুরে শ্রমিকদের রাস্তা থেকে সরালো পুলিশ

পোশাক কারখানা স্থানান্তর করা নিয়ে রাজধানীর মিরপুরে রাস্তা আটকে বিক্ষোভরত শ্রমিকদের কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 04:33 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

মিরপুর চিড়িয়াখানা সড়কে সোমবার সকালের ওই ঘটনায় কেউ আহত হননি বলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাসুদ জানিয়েছেন।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন, সকাল ১১টার দিকে ওই কারখানার সোনিয়া নামের এক কর্মী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া মিরপুরের ওই সড়কের একটি ভবনের নিরাপত্তকর্মী মাহফুজও (৩০) হাসপাতালে আসেন বলে তিনি জানান।

তারা দুজনই সামান্য আহত হয়েছেন বলে এসআই বাচ্চু মিয়ার ভাষ্য।  

শ্রমিকরা জানিয়েছেন, রেজাউল অ্যাপারেলস নামের কারখানাটি আগামী বছরের প্রথম দিকে গাজীপুরে স্থানান্তর করা হবে। এজন্য মালিকপক্ষ মালামাল সরিয়ে নিচ্ছিল। গাজীপুরে যেসব শ্রমিক যাবে না, তারা বেতনভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন।

হাসপাতালে ওই কারখানার শ্রমিক সোনিয়া সাংবাদিকদের জানান, সকালে কারখানায় এসে মূল ফটকের তালা এবং আশপাশে পুলিশ দেখে তারা রাস্তায় নামেন।

“শ্রমিকরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে।”

তিনি বলেন, “কারখানা স্থানান্তর করলে সব শ্রমিক তো আর গাজীপুরে যেতে পারবে না। যারা যাবে না সেসব শ্রমিকদের বেতন বকেয়াসহ পরিশোধ করতে হবে।”

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মাসুদের ভাষ্য, শ্রমিকরা স্কুলপড়ুয়া শিশুদেরও চলাচলে বাধা দেওয়ায় পুলিশ ‘ফোর্স’ করতে বাধ্য হয়েছে।

“পুলিশ কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে। তবে কেউ আহত হয়নি।”

দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় জানিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে।