২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলয় হত্যা: তদন্ত প্রতিবেদনের জন্য আরও সময়

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত তারিখে জমা দিতে পারেনি গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

সোমবার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহমুদুর রহমান প্রতিবেদন দিতে পারেননি।

পরে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু আগামী ৯ জানুয়ারি নতুন দিন ঠিক করে দেন বলে এ আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আশরাফ আলী জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা এর আগেও কয়েক দফা প্রতিবেদন দাখিলের জন্য সময় নিয়েছেন বলে তিনি জানান।

তবে প্রতিবেদন জমা দেওয়ার তারিখ কতবার পেছানো হয়েছে সে তথ্য পুলিশের প্রসিকিউশন বিভাগের কেউ জানাতে পারেননি।

প্রতিবেদন দিতে বিলম্বের কারণ সম্পর্কে পুলিশ প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বলেন, “অন্যান্য লেখক, প্রকাশক, ব্লগার হত্যায় নিলয় হত্যার আসামিরা যুক্ত কিনা তা খতিয়ে দেখতে তদন্তে দেরি হচ্ছে।”

এদিকে মামলার অন্যতম আসামি কাউসার এবং সাঈদ আল নাহিদের জামিন আবেদন শুনানির জন্য মামলার নথি ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারকের কাছে পাঠানো হয়েছে বলে এসআই আশরাফ জানান।

“আগামি ১৩ ডিসেম্বর তাদের জামিন শুনানির দিন রয়েছে,” বলেন তিনি।

গতবছরের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে মাওলানা মুফতি আ. গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির, কাওছার হোসেন সর্দার, কামাল হোসেন সরদার, সাদ আল নাহিদ কারাগারে আছেন। জামিনে আছেন মাসুম রানা ও তরিকুল ইসলাম।