২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদেশ বানিয়ে প্রাথমিকে বদলির চেষ্টায় বরখাস্তের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কেউ কেউ ভুয়া বদলির আদেশ তৈরি করে সিটি করপোরেশন ও শহরাঞ্চলের বিদ্যালয়ে যোগ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পেয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

‘ভুয়া ও প্রতারণামূলক’ বদলির আদেশ নিয়ে অন্য বিদ্যালয়ে যোগ দেওয়ার চেষ্টাকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার এক পরিপত্রে অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক, সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত শিক্ষকরা সিটি করপোরেশন বা জেলা সদরের বিদ্যালয়ে বদলি হতে চান।

“জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষকদের সব ধরনের বদলির সুযোগ থাকে। ভুয়া বদলির আদেশ তৈরির কিছু অভিযোগ পাওয়া গেছে। এই সময়ে কেউ যেন ভুয়া আদেশ তৈরি করে বদলির চেষ্টা না করেন সে বিষয়ে সতর্ক করতেই পরিপত্র জারি করা হয়েছে।”

পরিপত্রে বলা হয়েছে, “ভুযা ও প্রতারণামূলক বদলির আদেশ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও ই-মেইল থেকে এ ধরনের বদলির আদেশ যাচাই করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে অধিদপ্তর।

এছাড়া বদলির ক্ষেত্রে কেনো সন্দেহ হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুর রউফকে ৫৫০৭৪৯১৮ নম্বরে টেলিফোন করে বিষয়টি নিশ্চিত হতে অনুরোধ জানানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সারা বছর আন্তঃজেলায় বদলির সুযোগ থাকলেও সিটি করপোরেশন, বিভাগীয় শহর এবং জেলার বাইরে জানুয়ারি থেকে মার্চ মাসে বদলি হতে হয়।

তবে একটি নীতিমালার ভিত্তিতে মন্ত্রণালয়ের হাতে যে কোনো সময় যে কোনো শিক্ষককে যে কোনো জায়গায় বদলির ক্ষমতা আছে।