২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘ রক্ষায় বেসরকারি উদ্যোক্তাদের চান পরিবেশবিদরা

বাঘ ও তাদের আবাসভূমি সুন্দরবন রক্ষায় নানা উদ্যোগের সঙ্গে অংশীদার হতে বেসরকারি খাতকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে শনিবার ঢাকায় ইউএসএআইডির বাঘ এক্টিভিটিস্ট প্রকল্প আয়োজিত আলোচনা অনুষ্ঠান থেকে এই আহ্বান জানান তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের সংস্থাটি জানায়, দেশের বৃহত্তম স্বার্থে সরকারি-বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নীতিনির্ধারণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ‘গ্রেটার ডায়লগ ফর অ্যা গ্রেটার কজ’ শিরোনামে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“এতে প্রাইভেট সেক্টরগুলোকে তাদের বিজনেস কৌশলের সঙ্গে পরিবেশ সংরক্ষণ পদক্ষেপকে অন্তর্ভুক্ত করে বাঘ ও এর আবাসভূমি সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও তহবিল গঠনে সহায়তা করার আহ্বান জানানো হয়।”

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আইনুন নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ ও বন সচিব কামাল উদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার, প্রধান বন-সংরক্ষক  মো. ইউনুস আলী, ইউএসএআইডির ডেপুটি অফিস ডিরেক্টর নাথান সেইজ, ওয়াইল্ডটিমের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান ও ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

বনমন্ত্রী বলেন, সুন্দরবনের বাঘ রক্ষায় সরকার যথাসময়ে কার্যকর উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে ঐক্যবদ্ধভাবে বাঘ রক্ষায় কাজ করছে।