হাসিনার ভারত সফর সূচি চূড়ান্তের অপেক্ষায়: নয়া দিল্লি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের আমন্ত্রণে সাড়া দিয়েছেন জানিয়ে নয়া দিল্লি বলেছে, কবে তার এই সফর হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
এই সফরের দিনক্ষণ ও কার্যসূচি চূড়ান্ত করতে ঢাকা ও নয়া দিল্লি কাজ করছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপকে উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে বলা হয়, “সব সময়ের মতো বন্ধুত্বের পরিবেশে এসব বিষয়ে আলোচনা চলছে।”
শনিবার নয়া দিল্লিতে বিকাশ সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আমন্ত্রণ গৃহীত হয়েছে।
“সফরের তারিখ ও কী কী কর্মসূচি থাকবে সেগুলোসহ বিস্তারিত সফর সূচি ঠিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নয়া দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং ঢাকায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।”
নয়া দিল্লি একথা বললেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় সফর সূচি ঠিক করতে কাজ করছেন তারা।
পিটিআই বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ মাধ্যমে নানা ‘কাল্পনিক’ তথ্য আসছে, যেগুলো নাকচ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
