২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে সচেতনতা বাড়াতে তারকাদের নিয়ে বিশেষ প্রচারণায় বিআরটিএ

শহরবাসীদের সড়ক ব্যবহারে সচেতনতা বাড়ানো ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিনয় ও সংগীত জগতের শিল্পীদের সঙ্গে নিয়ে ‘বিশেষ ক্যাম্পেইন’ পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 11:09 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

বিশেষ এই ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহে শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ রোডের রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানবব্ন্ধনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার বনানীর কাকলীতে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেছিলেন মন্ত্রী।

সেতুমন্ত্রীর সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ক এই ক্যাম্পেইনে দেশের বেশ কয়েকজন চিত্রনায়ক, নায়িকা, শিল্পী, কলাকুশলী ও বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সড়ক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বিআরটিএ দীর্ঘ দিন থেকে কাজ করে আসলেও তারকাদের অংশগ্রহণে এই বিশেষ ক্যাম্পেইন এবারই প্রথম।

ক্যাম্পেইনে মন্ত্রী যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারসহ বিভিন্ন পরিবহনের যাত্রীদের কাছে সঠিকভাবে সড়ক ব্যবহারের উপায় সম্বলিত স্টিকার ও লিফলেট বিতরণ করেন এবং সড়কে অবস্থানরত গাড়িতে বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার লাগিয়ে দেন।

তারকাদের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করে সেতুমন্ত্রী কাদের বলেন, “কোনো পরিবর্তন রাতারাতি হয় না। সড়ককে নিরাপদ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নানা কর্মসূচি হাতে নিয়েছি।

“সেলেব্রেটিরা আমাদের সাথে থাকলে তা আরও জোরদার করা সম্ভব হবে। আজকে শিল্পীরা কর্মসূচির অংশ হয়ে এতে নতুন মাত্রা যোগ করেছে। আমাদের লক্ষ্য সড়কে জনগণের দুর্ভোগ কমানো এবং তাদের যাত্রা নিরাপদ করা।”

সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও বিআরটিএ-এর হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন মন্ত্রী।

“গাড়ি চালকদের জন্যে আমরা যে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলাম, তা আরও জোরদার করা হয়েছে। আমরা নতুন কর্মসূচিতে মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণের উপর জোর দিচ্ছি। আমাদের দেশে মহিলা ড্রাইভার কম।”

মানববন্ধনে অংশগ্রহণ করা শিল্পী ও অভিনেতারা এই ক্যাম্পেইনে ‘দায়িত্ববোধ থেকে এসেছেন’ বলে অভিমত দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর জোর দেন।

শিল্পী এস আই টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবাই নিরাপদে বাড়ি ফিরতে চাই। এজন্য সবাইকে নিয়ম মেনে চলতে হবে। এ উদ্যোগের সাথে সাথে আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে।”

অভিনেতা তৌকির আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনায় দেশের সকল স্তরের মানুষই ভুক্তভোগী। আমরা যদি সচেতন হয়ে, একটু সহিষ্ণু ও সংযতভাবে রাস্তায় চলাফেরা করি তবে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমানো সম্ভব।”

সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়ে অভিনেতা লিটু আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের ক্যাম্পেইন থেকে একটাই চাওয়া- সবাই ট্রাফিক আইন মেনে চলব। ফুটপাথ ও ওভারব্রিজ দিয়ে হাঁটব, যখন গাড়ি চালাব তখন আইন মেনে সচেতনভাবে গাড়ি চালাব।”

এই কর্মসূচিতে অন্যদের মধ্যে নাট্যজন মামুনুর রশীদ, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মীর সাব্বির, তমালিকা কর্মকারসহ বেশ কয়েকজন শিল্পী, কলাকুশলী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।