২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অধিকার বুঝে নিতে উঠে দাঁড়াচ্ছে নারী’

‘পুরুষতান্ত্রিক সমাজে’ অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় নারী জাগরণের ডাক দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 10:00 AM

Updated : 11 Oct 2022, 09:23 PM

দক্ষিণ এশীয় নারী দিবস উপলক্ষে ছায়ানট মিলনায়তনে এক আয়োজনে বুধবার তিনি বলেন, “আমরা আমাদের অধিকার, সম্মান, মর্যাদা সবার সাথে মিলে একদম ভালোভাবে বুঝে নিতে যাই। স্পষ্ট করে বলতে চাই, অধিকার আদায়ে উঠে দাঁড়াচ্ছে শত শত নারী।”

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যে আমাকে পাঠাল এই’ নৃত্যনাট্য থেকে উদ্ধৃত করে এই অধিকারকর্মী বলেন, “কেন আমি তাকে ফুল দেব, যে আমাকে অন্ধকারে রেখে দেয়? যারা আমাদের অন্ধকারে ঠেলে দেয়, আমরা তাদের ফুল দেওয়ার কোনো দায়দায়িত্ব স্বীকার করি না।”

‘শান্তি, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার’ স্লোগানে এবারের দক্ষিণ এশীয় নারী দিবস উদযাপন করে সাঙ্গাত (সাউথ এশিয়ান ফেমিনিস্ট নেটওয়ার্ক) ও উদ্যমে উত্তরণে শতকোটি’র বিপ্লব (ওয়ান বিলিয়ন রাইজিং রেভোলিউশন)।

এ আয়োজনের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয় গান, কবিতা ও জীবনযুদ্ধে জয়ী দুই নারীর জীবনের গল্প বলার আসরের।

আয়োজনে স্মরণ করা হয় উপমহাদেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা কমলা ভাসিনের মেয়ে মিতোকে। সাঙ্গাতের সঙ্গে যুক্ত হয়ে মানবাধিকার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন মিতো। তাকে হারানোর পর কমলা ভাসিন ‘মিতো স্মৃতি সম্মাননা’ প্রদক প্রবর্তন করেন। 

এবার এই সম্মাননা পেয়েছেন সেভেন সামিট জয়ী প্রথম বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।

জীবনের গল্প বলার পর্বে ‘যুদ্ধ জয়ের’ গল্প শোনান অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার ফারজানা স্বপ্না ও নিজেরা করির কুমিল্লা চান্দিনা উপজেলার মাঠকর্মী মহিমা। নানা ঘাত-প্রতিঘাত পর হয়ে, সব প্রতিকূলতা জয় করে কীভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন, সেই গল্প উঠে এসেছে দৃষ্টি প্রতিবন্ধী এই দুই নারীর কথায়।

অনুষ্ঠান শুরুর আগে গান শোনান এ প্রজন্মের দুই কণ্ঠশিল্পী সেমন্তি মঞ্জরী ও সভ্যতা। পরে আসরে এসে গান পরিবেশন করেন জলের গানের রাহুল আনন্দ, আবৃত্তি করেন নাহিদ সুলতানা। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওয়াসফিয়া নাজরীন তার সেভেন সামিট অভিযানের কিছু খণ্ডচিত্র প্রদর্শন করেন।