২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠাপুলি-আনন্দগানে রাজধানীতে নবান্ন উৎসব

বাহারি স্বাদের পিঠাপুলি, রস, মিষ্টান্ন আর লোকজ গানের সুরে রাজধানীতে শুরু হয়েছে নবান্ন উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 09:35 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

বুধবার ভোরের আলো ফুটে উঠার পর পর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে নানা রকম আয়োজন নিয়ে শুরু হয় এই উৎসব, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাজধানীবাসীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

গ্রাম বাংলার ঐহিত্যবাহী গান, পুতুল নাচ, নাগরদোলাসহ নানা আনন্দ আয়োজনে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে শহুরে মানুষের কাছে তুলে ধরতে ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উৎসব’ শিরোনামে তিনদিনের এই উৎসবের আয়োজক প্রাণ-আরএফএল গ্রুপ।

উৎসব উৎপলক্ষে রবীন্দ্র সরোবরে ৩২টি কুড়ে ঘর বানিয়ে সেখানে বসানো হয় দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন। সোনারগাঁও পিঠাঘর, ঘরকন্যা পিঠাঘর, কুমিল্লা পিঠাঘর, বরিশাল পিঠাঘর, ব্রাহ্মণবাড়িয়া পিঠাঘর ছিল এর মধ্যে অন্যতম।

ঘরকন্যা পিঠাঘরের স্বত্ত্বাধিকারি আফিফা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তারা স্টল বসিয়ে থাকেন। দেশের নানা প্রান্তের জনপ্রিয় পিঠাগুলো বাণিজ্যিকভাবেই তারা দর্শনার্থীদের কাছে তুলে ধরেন।

তার ঘরে নরসিংদীর ফুল পিঠা, বিক্রমপুরের দইপিঠা, ঝিনুকপিঠা, ডিমের ঝাল পানতোরা, পাটি সপটা, গোলাপ পিঠা, ইলিশ পিঠা, গোকুল পিঠা, মুগ পাকড় দর্শনার্থীদের নজর কেড়েছে।

পাশে নোয়াখালী পিঠাঘরে দেখা গেছে মালপোয়া, নকশি পিঠা, ডিম পাকন, শাহী মালাই, রস পুলিসহ হরেক রহমের পিঠা।

দর্শকরা এসব পিঠা খেয়ে দেখছেন আবার অনেকে প্যাকেট করে বাসায়ও নিয়ে যাচ্ছেন।

গৃহবধূ রিক্তা মজুমদার উৎসবে এসেছেন চার বছরের মেয়েকে নিয়ে। তার মতে নবান্ন উৎসব সত্যিকার অর্থেই একটি গ্রামীণ আবহ বয়ে এনেছে।

“নাগরদোলা, গানের আসর, বায়োস্কোপ সবকিছু মিলিয়ে অন্যরকম আয়োজন। শহরে এ ধরনের অনুষ্ঠান সত্যিই অনেক আনন্দের,” বলেন রিক্তা।

দিনভর নাগরদোলা, বায়োস্কোপ, সাপ খেলা পুতুলনাচ, বানর নাচের পর সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুক্ত মঞ্চে শুরু হয় লোকজ গান। শিল্পী মেজবাহ আহমেদ, আবু বকর সিদ্দিক, কুদ্দুছ বয়াতি ও ফকির আলমগীর সেখানে রাত ৮টা পর্যন্ত গান পরিবেশন করেন।

শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব চলবে বলে আয়োজকরা জানানা।