২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকার রামপুরায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 08:53 AM

Updated : 12 Apr 2022, 03:25 AM

মঙ্গলবার গভীর রাতে রামপুরা বালুর মাঠ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল সারোয়ার আলম জানান।

তিনি বলেন, সন্ত্রাসীরা রামপুরায় জড়ো হয়েছে এমন খবরে র‌্যাব সেখানে অভিযানে যায়।

“বালুর মাঠ এলাকার দিকে অগ্রসর হতে চাইলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে দুজন আহত হয়।”

রাত সাড়ে ৩টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয় বলে সারোয়ার আলম জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি পিস্তল, পাঁচটি গুলি ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই  মো. বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের একজনের বয়স আনুমানিক ৩০ বছর, অন্যজনের ৩৫ হতে পারে বলে তার ধারণা।