২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতনে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশি বাধার অভিযোগ

মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে মন্ত্রিসভা থেকে সরানো ও গ্রেপ্তারের দাবিসহ সারা দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির নেতা কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 09:59 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মঙ্গলবার বেলা ১২টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সংগঠনটির নেতাকর্মীরা স্মারকলিপি দিতে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়লে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। তাদের ‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা।

হামলার অভিযোগে ওই সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা।

ইসকন ফুড ফর লাইফের পরিচালক রুপানুগা গোর ব্রহ্মচারী বলেন, “পুলিশ ইসকনের সাধুদের উপর হামলা করেছে। এজন্য পুলিশের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”

প্রায় আধ ঘণ্টা দুইপক্ষের বাগবিতন্ডা শেষে পুলিশের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেকটর শেখ আবুল বাশার আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “যদি কোনো ধরনের ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটে থাকে তার জন্য দুঃখ প্রকাশ করছি।”

পরবর্তীতে আন্দোলনকারীরা সংঘঠনটির প্রেসিডেন্ট মিঠুন চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে পুলিশের ডেকে দেওয়া অটোরিকশা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারক লিপি দিতে যান।

এর আগে মানববন্ধনে দেওয়া বক্তব্যে দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।

তিনি বলেন, “স্বাধীনতার ৪৫ বছর পরও সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা হয়েছে, নির্দোষ রসরাজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রশাসন বলছে রসরাজ নির্দোষ। তারপরও তার জামিন হচ্ছে না।

“গাইবান্ধায় সাঁওতালদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার ত্রাণ মন্ত্রণালয়ের থেকে সেখানে জনপ্রতি ছয় হাজার টাকা করে অর্থ সাহায্য করলেও তাদের ৩০০ পরিবারের বাড়িঘর নির্মাণ করা হয়নি। তারা অসহায় জীবন যাপন করছে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মিঠুন চৌধুরী বলেন, “আপনার ছাত্রলীগের একজনের হামলায় খাদিজা নামের একটি মেয়ে আহত হলে তাকে ২৭ লাখ টাকা দিয়ে চিকিৎসা করিয়েছেন। সাঁওতালদের যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের জন্য পাঠিয়েছেন কেবল ছয় হাজার টাকা। অবিলম্বে তাদের বাড়িঘর পুনরায় নির্মাণ করে দেওয়ার দাবি জানাই।”