ময়মনসিংহে শিক্ষক নিহতের ঘটনা তদন্তে কমিটি
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওই কলেজের এক শিক্ষক নিহতের ঘটনা তদন্তে কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদাকে তিন সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে।
মাউশির একজন উপ-পরিচালক ও মাউশির আঞ্চলিক কার্যালয়ের পরিচালক এই কমিটিতে আছেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারীর সফর আলী (৭০) মারা যান।
শিক্ষামন্ত্রী বলেন, “মামলা-মোকদ্দমার যে বিষয় সেটা তো সংশ্লিষ্ট অথরিটি করবেন। যেহেতু আমাদের শিক্ষা পরিবারে বা শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনাটা ঘটেছে, শিক্ষক মারা গেছেন- এই বিষয় সম্পর্কে আমাদের সঠিক জিনিস জানার ও করার অনেক কিছুই আছে। সেজন্য আমরা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছি।
“তদন্ত কমিটির একজন সদস্য ইতোমধ্যে সেখানে (ময়মনসিংহ) চলে গেছেন, প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। আমরা খবর রাখছি, চেষ্টা করছি, যোগাযোগ রাখছি, আমরা সমাধানের জন্য চেষ্টা করব।”
নাহিদ বলেন, “খুবই দুঃখজনক যে, শিক্ষক সেখানে মারা গেছেন এবং সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছি।”
কোন বেসরকারি প্রতিষ্ঠান চূড়ান্তভাবে সরকারি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সেই সিদ্ধান্ত দিচ্ছেন বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, যেসব উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই সেখানে একটি করে স্কুল-কলেজ সরকারি করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছি, তিনিই দেখে যেটা ঠিক মনে করছেন সেটা দিচ্ছেন (সরকারি করছেন), যেখানে দরকার সেখান থেকে নতুন মত নিয়ে আসছেন।
“যার ফলে এটার ব্যাপারে আমাদের আলাদা করে কিছু বলার নাই।”
যেসব বেসরকারি কলেজ সরকারি হচ্ছে সেসব কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হবে কি না- এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “যারা শিক্ষক হবেন তারা সরাসরি ক্যাডারভুক্ত হবেন কি না- সে বিষয়ে নিশ্চিয় পলিসি নির্ধারণ হবে। যার যে মার্যাদা পাওয়া দরকার ও মর্যাদা রক্ষিত হয় সেভাবেই বিধান তৈরি করব।”
