২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনার চৌধুরীর জামিন স্থগিত

ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে হাই কোর্টের দেওয়া ছয় মাসের জামিন চার দিনের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জামিন স্থগিত করে রোববার বিষয়টি শুনানির জন‌্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মিনারের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএনপি নেতা মিনার চৌধুরীকে গত ২৪ নভেম্বর ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ।

তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়।

জামিনের ওই আদেশ স্থগিতের জন‌্য চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যার ওপর শুনানি করে সোমবার আদেশ এল।

২০১৪ সালের ২০ মে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমী এলাকায় একরামুলকে নিজের গাড়িতে গুলি চালানোর পর পুড়িয়ে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ওই দিনই ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরীর (মিনার চৌধুরী) নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর ওই বছর ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। মাঝে একবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।

তবে অভিযোগপত্র দেওয়ার পর নির্দেশনা মেনে আদালতে হাজির না হওয়ার তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। তার ভিত্তিতে ফের গ্রেপ্তার হন তিনি।

এ মামলায় চলতি বছরের ১৫ মার্চ ৫৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ফেনীর বিচারিক আদালত। মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।

পুরনো খবর:

একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মিনারের জামিন