২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্বে আজাদ

মুখ্য সচিব হিসেবে আবুল কালাম আজাদের দায়িত্বের মেয়াদ শেষে নতুন পদ সৃষ্টি করে তাকে নিজের কার্যালয়েই রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 01:36 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব কামাল চৌধুরী

সরকারপ্রধানের আস্থাভাজন এই কর্মকর্তা এবার পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব।

পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আবুল কালাম আজাদকে নতুন পদে নিয়োগ দিয়ে রোববার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আস্থাভাজন আরেক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে রোববারই নিজের দপ্তরের মুখ‌্য সচিবের পদে এনেছেন প্রধানমন্ত্রী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আজাদকে রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য নতুন করে এজিডি বিষয়ক মূখ্য সমন্বয়কের পদ সৃষ্টি করা হয়েছে।

জাতীয় বেতন স্কেলে ৮৬ হাজার টাকা মূল বেতনে তিন বছরের চুক্তিতে আজাদ ওই দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আজাদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পান। অবসরের বয়সসীমায় পৌঁছানোর পর একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ নেওয়া হয় তাকে।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা আজাদের জন্ম ১৯৫৭ সালের ৭ জানুয়ারি, জামালপুরে। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্বও তিনি পালন করেছেন।