২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছের পানিতে রাস্তা শেষ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাছের আড়তের পানি কঠিন করে করে তুলেছে যানবাহন ও পথচারীদের চলাচল।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 09:25 AM

Updated : 11 Oct 2022, 09:23 PM

আড়তে ব‌্যবহৃত পানি ফেলা হচ্ছে প্রধান সড়কে, সড়কের বিভিন্ন অংশে হাঁটু পানি জমে থাকছে সারাদিন। পানি জমে থাকায় সড়ক ভেঙে একাকার; মেরামতের পরও ঠিক রাখা যাচ্ছে না।

যাত্রাবাড়ীর ঢাকা-ডেমরা সড়কের চৌরাস্তা থেকে সিটি করপোরেশন কাঁচাবাজার এবং ঢাকা-চট্টগ্রাম সড়কের কুতুবখালী মোড় পর্যন্ত এ অবস্থা। এ দুটি সড়কের কাছেই যাত্রাবাড়ী মাছের আড়ত।

রোববার সরেজমিনে দেখা যায়, চৌরাস্তা থেকে কুতুবখালী মোড় পর্যন্ত সড়কের বাঁ পাশের বিভিন্ন অংশে পানি জমে আছে। এ পাশে তিন লেইন সড়কের দুটি লেইনই ভেঙে একাকার।

ইট বিছানো বাকি এক লেইন ধরে যানবাহন চলছে। সড়কের জলমগ্ন অংশে আড়তে মাছ নিয়ে আসা ট্রাক রেখে দেওয়া হয়েছে।

কুতুবখালী থেকে চৌরাস্তা আসার সড়কেও অনেক জায়গায় পানি জমে আছে। এখানেও সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

যাত্রাবাড়ী থানার সামনে থেকে ডেমরা সড়ক ধরে সিটি করপোরেশন কাঁচাবাজার পর্যন্ত সড়কের বড় অংশে পানি জমে আছে। সেখানে সড়কের এক লেইন ধরে যানবাহন চলছে, বাকি অংশে পানি।

যাত্রাবাড়ী চৌরাস্তায় থানার সামনেও একটি অংশে পানি জমে আছে। সড়কের এ অংশে বড় বড় ভাঙন দেখা দিয়েছে।

Image
সড়কের তিনটি লেইনের দুটি ভাঙা, পানিতে তলিয়ে থাকায় যানবাহন চলছে একটি লেইনে।

সড়কের তিনটি লেইনের দুটি ভাঙা, পানিতে তলিয়ে থাকায় যানবাহন চলছে একটি লেইনে।

Image
সড়কের তিনটি লেইনের দুটি ভাঙা, পানিতে তলিয়ে থাকায় যানবাহন চলছে একটি লেইনে।

সড়কের তিনটি লেইনের দুটি ভাঙা, পানিতে তলিয়ে থাকায় যানবাহন চলছে একটি লেইনে।

মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রাবাড়ী এলাকায় প্রায় ৭০০ আড়ত (যেখানে বসে মাছ বিক্রি করেন ব্যবসায়ীরা) আছে। মাছে পানি দেওয়ার জন্য পুরো বাজারে ড্রাম আছে প্রায় দুই হাজার। প্রতিটি ড্রামে ২০০ লিটার পানি ধরে। এছাড়া মাছের পচন রুখতে বড় আকারের বরফের চাঁই ব্যবহার করতে হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে কয়েকশ ট্রাক বরফঢাকা মাছ নিয়ে প্রতিদিন এই বাজারে আসছে। অনেক ব্যবসায়ী আবার ট্রাকের ওপর পানিতে করে জ্যান্ত মাছ নিয়ে আসেন। যাত্রাবাড়ীর আড়তে আসার পর ট্রাকের পানি ছেড়ে দেওয়া হয় সড়কে।

আড়তের বিভিন্ন দোকানের ড্রাম থেকে পানি ছিটানো হচ্ছে মাছে। মাছ বিক্রি শেষে সেগুলো পরিষ্কার করতেও প্রচুর পানি ব্যবহার করা হচ্ছে। সংরক্ষণ শেষে মাছ বিক্রির সময় বরফ গলছে। সব পানি আড়তের ছোট ছোট নালা দিয়ে যাচ্ছে সড়কে।

মেসার্স নরসিংদী ফিসের মালিক মো. হারুন অর রশিদ জানান, মাছ তরতাজা রাখতে প্রচুর পানি ও বরফ ব্যবহার করতে হয় তাদের। নালা না থাকায় পানি সড়কে চলে যায়। এ কারণে বাজারের নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার প্রয়োজনের কথা বললেন তিনি।

“পানি আর বরফ ছাড়া আমাদের ব্যবসা অচল। কিন্তু ড্রেইন না থাকায় পানি ঠিকমতো যাইতে পারে না। আমাদেরও সমস্যা হয়।”

নিষ্কাশন পাইপ থাকলেও তা ঠিকমতো পরিষ্কার না করায় সড়কে পানি জমে যাচ্ছে বলে দাবি করেন যাত্রাবাড়ী মাছের আড়তের ব্যবসায়ী মনসুর আহমদ।

“আড়তের ময়লা গিয়া পাইপ ভইরা গেছে। কিন্তু পাইপ তো পরিষ্কার করে না। এজন্যই রাস্তায় পানি চইলা আসে।”

ধীরেন রাজবংশী নামে একজন ব্যবসায়ী জানান, রাস্তায় পানি জমে থাকায় আড়তদাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Image
যাত্রাবাড়ী চৌরাস্তায় পানি জমে থাকায় সড়ক ভেঙে গেছে।

যাত্রাবাড়ী চৌরাস্তায় পানি জমে থাকায় সড়ক ভেঙে গেছে।

Image
যাত্রাবাড়ী চৌরাস্তায় পানি জমে থাকায় সড়ক ভেঙে গেছে।

যাত্রাবাড়ী চৌরাস্তায় পানি জমে থাকায় সড়ক ভেঙে গেছে।

“এই বাজারে কাস্টমার কম আসে। বেচাকেনা কম হয়। এইখানে পাইপ না দিয়া খোলা ড্রেন দিলে ভালো হবে। কারণ নালা পরিষ্কার করা যায় না। স্ল্যাব দিলে ঠিকমতো পরিষ্কার করা যাবে।”

খোকন দাস নামে আরেক ব্যবসায়ী বলেন, বছরখানেক আগে তারা একটি নালা তৈরি করেছিলেন। কিন্তু বছর না ঘুরতেই সেটা বন্ধ হয়ে যায়। এছাড়া কুতুবখালী মোড়ে পানি যাওয়ার পথ আটকে দেওয়ায় সড়কে পানি জমে থাকে।

“পানি তো আর আটকাইয়া রাখা যায় না। আমরা ড্রেন করছি। কিন্তু কুতুবখালী মোড়ে পাম্প মালিক পানি যাওয়ার পথ বন্ধ কইরা দিসে। ওই জায়গা তো আর আমাদের না।”

সড়কে পানি জমে থাকায় এ পথে চলাচলকারী লোকজনের ভোগান্তি হচ্ছে বলে জানান কাজলার বাসিন্দা দীল মোহাম্মদ।

“সড়কে পানি জইমা থাকায় এখান দিয়া হাঁটা যায় না। রিকশা বা গাড়ি ছাড়া যাওনের কোনো উপায় নাই। গায়ে পানি ছিট্টা আহে।”

বছর জুড়ে চলা এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রাবাড়ী-ডেমরা রুটের হিউম্যান হলার চালক মো. আসলাম।

“পেপার পত্রিকায় কত লিখল, কত ছবি তুইল্যা নিয়া গেল। সিটি করপোরেশনের লোকজনও তো দেখলাম কতবার আইলো। এই সমস্যার কোনো সমাধান তো অয় না।”   

মাছ নিয়ে আসা ট্রাকগুলো সড়কে পানি ফেলে বলে অভিযোগ করেন দক্ষিণ যাত্রাবাড়ীর মিসির ইঞ্জিনিয়ারিংয়ের মালিক মিসির আলী।

Image
সড়কে পানি জমে থাকায় ভুগছেন ব্যবসায়ীরাও।

সড়কে পানি জমে থাকায় ভুগছেন ব্যবসায়ীরাও।

Image
সড়কে পানি জমে থাকায় ভুগছেন ব্যবসায়ীরাও।

সড়কে পানি জমে থাকায় ভুগছেন ব্যবসায়ীরাও।

“প্রতিদিন ভোরে প্রায় একশ ট্রাক থেকে রাস্তায় পানি ফেলে। বিকালের দিকে পানি শুকায়, পরের দিন সকালে এসে দেখি রাস্তা আবার নদী হয়ে গেছে।”

সড়কে পানি জমে থাকায় এক দিকে ক্রেতাদের সমস‌্যা হয়, অন‌্যদিকে মালামাল ওঠানামা করা যায় না বলে জানালেন মেসার্স ফারুক ইঞ্জিনিয়ারিংয়ের মালিক শেখ ফরিদ।

তিনি জানালেন, গত এক বছর ধরে এই অবস্থা চলছে।

“এই রকম নোংরা জায়গায় কোনো ভদ্রলোক আসে না। বাধ্য হইয়া আমরা যাইয়া অর্ডার নিয়া আসি। মাল নিয়া আসি পরে আবার দিয়াও আসি।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন বললেন, মাছের আড়তের পানির কারণে ওই সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক মেরামতে কাজও শুরু করা হচ্ছে। আড়তের পানি নিষ্কাশনের বিষয়টিও তখন দেখা হবে।

“আমরা অলরেডি ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দিয়েছি। আগামী জুন মাসের আগে কাজ শেষ হয়ে যাবে। ড্রেনেজ সিস্টেমটা শনির আখড়া খালে নিচ্ছি। এতে বৃষ্টির পানি, মাছের পানি সব সেখানে চলে যাবে।”