গণশৌচাগারের অবস্থান জানাতে আসছে অ্যাপ
রাজধানীর গণশৌচাগারগুলোর অবস্থানসহ তথ্য জানাতে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রোববার ঢাকায় এক অনুষ্ঠানে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এতথ্য জানান।
তিনি বলেন, “এটা প্রক্রিয়াধীন আছে। অ্যাপটি বানানোর কাজ মাস দুয়েকের মধ্যে শেষ হবে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ অ্যাপটি বানানো হচ্ছে।
“এর মাধ্যমে ঢাকার কোথায় কোথায় গণশৌচাগার আছে তা নগরবাসী জানতে পারবেন।”
ঢাকা দক্ষিণ সিটির সিইও বিলাল জানান, এই সিটি করপোরেশন এলাকায় ৭০টি গণশৌচাগার আছে, যেগুলোর বেশিরভাগই ব্যবহার অনুপযোগী।
“দক্ষিণ সিটি করপোরেশন আধুনিক শৌচাগার নির্মাণ করছে। আমরা ২০১৭ সালের মধ্যে ৬০-৭০টা পাবলিক টয়লেটের কাজ শেষ করে ফেলব। এর মধ্যে কিছু শৌচাগার চালু হয়েছে।”
অনুষ্ঠানে রাজধানীর কোথায় কোথায় গণশৌচাগার আছে এমন মানচিত্র সম্বলিত প্রচারপত্র জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।
বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে ওসমানী উদ্যানে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশন, ডিএসকে, সিডব্লিউএফডি ও আরবান; অর্থায়ন করেছে ওয়াটার এইড।
অনুষ্ঠানে ওয়াটার এইডের পরিচালক লিয়াকত আলীসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
