দেশে ফিরেছেন সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তরের পর লন্ডনে এক মাস ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সৈয়দ আশরাফের এপিএস সাজ্জাদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার দুপুরে বাসায় পৌঁছেছেন।”
পারিবারিক কারণে গত ২৮ অক্টোবর লন্ডনে যান সৈয়দ আশরাফ।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন। পরে কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক হন তিনি।
টানা দুই মেয়াদে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এবার সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এসেছেন ওবায়দুল কাদের।
অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিলে আশরাফ নিজেই দলের সাধারণ সম্পাদক হিসেবে কাদেরের নাম প্রস্তাব করেছিলেন।
কাউন্সিলের পর পারিবারিক কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে ছুটির আবেদন করেছিলেন সৈয়দ আশরাফ।
