২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদ করায় নির্যাতন: প্রতিবেদন দিতে দুই দিন সময় পেল রাষ্ট্রপক্ষ

ঝিনাইদহের কালীগঞ্জে ‘মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়’ বর্গাচাষি শাহানূর বিশ্বাসের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে কি না- সে প্রতিবেদন দিতে আরও দুই দিন সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 03:42 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

রোববার ওই প্রতিবেদন দেওয়ার নির্ধারিত দিনে ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস আসামিদের কারাবন্দি কথা মৌখিকভাবে আদালতকে জানিয়ে সময়ের আবেদন করেন।

পরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ দুই দিন সময় দিয়ে ২৯ নভেম্বর বিষয়টি পরবর্তী আদেশের জন্য রাখে।

গত ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামের বর্গাচাষি শাহানূর বিশ্বাসকে লোহার শাবল, হাতুড়ি ও ছেনি দিয়ে মেরে গুরুতর আহত করা হয়। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন শাহানূরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে।

পরিবারের অভিযোগ, মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিলেন শাহানূর। এ কারণে সাবেক ইউপি সদস‌্য মাহবুবুর রহমানের লোকজন তার এই হাল করেছে।

ওই ঘটনায় শাহানূরের আত্মীয় মো. ইয়াকুব আলী সাতজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ করেন। শাহানূরের ছোট ভাই সামাউল ইসলাম ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গত ২২ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেয় হাই কোর্টের ওই বেঞ্চ। হামলাকারীদের ৭২ ঘণ্টার ভেতর কারাবন্দি করার নির্দেশ দিয়ে ২৭ নভেম্বরের মধ্যে তা প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে ঝিনাইদহের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

পুরনো খবর:

উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধর: ৭২ ঘণ্টার মধ‌্যে আসামি ধরার নির্দেশ
আদালতের আদেশের পর ‘মাঠে নেমেছে’ ঝিনাইদহের পুলিশ