ইকবালের স্ত্রী-সন্তানদের সাজার বাধা কাটল
সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগম, তাদের দুই ছেলে ও মেয়ের সাজা স্থগিত করে হাই কোর্টের দেওয়া রুল আপিল বিভাগে খারিজ হয়ে গেছে।
এর ফলে ওই চারজনকে দেওয়া বিচারিক আদালতের দণ্ড বহাল থাকল এবং আইনের দৃষ্টিতে তারা এখন পলাতক হওয়ায় তাদের গ্রেপ্তারে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। ইকবাল পরিবারের পক্ষে ছিলেন এ এফ হাসান আরিফ ও কামরুল হক সিদ্দিকী।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলা করে দুদক।
পরের বছর ১১ মার্চ বিশেষ জজ আদালত এ মামলার রায়ে ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করে। তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ওই বছর ১৭ সেপ্টেম্বর ইকবালের ভাইয়ের আবেদনে হাই কোর্ট এ মামলায় জজ আদালতের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করে। ওই সাজা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়।
জরুরি অবস্থার সময় জারি করা বহু মামলা ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বিবেচনায় বা অন্য কারণে বাতিল বা খারিজ হয়ে যায়। ইকবালের আবেদনে ২০১১ সালের ১৮ জানুয়ারি হাই কোর্ট তাকে এ মামলা থেকে খালাস দেয়।
হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলেও ২০১৫ সালে আদালতকে জানায়, তারা আর মামলা চালাতে চায় না। এরপর দুদক দীর্ঘদিন চুপচাপ থাকলেও সম্প্রতি ইকবালের পরিবারের সদস্যদের সাজা স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে দুদকের আবেদনটি গতি পায়।
