২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ৫৩৬ কর্মকর্তার পদোন্নতি

স্থায়ী পদ না থাকলেও অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের তিন স্তরে ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 11:39 AM

Updated : 12 Apr 2022, 03:24 AM

যুগ্ম-সচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন ১৪৫ জন, উপসচিব থেকে যুগ্ম-সচিব হয়েছেন ১৮৬ এবং জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে ২০৫ জনকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।

রোববার সকালে আলাদা তিনটি আদেশে এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অতিরিক্ত সচিবের স্থায়ীপদের সংখ্যা একশর কিছু বেশি। যুগ্ম-সচিবের স্থায়ী পদ সাড়ে চারশ এবং উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মত।

এসব পদে নতুন করে পদোন্নতি দেওয়ায় জনপ্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫০ জনে। আর যুগ্ম-সচিব ৬১৩ জন এবং উপসচিব রয়েছেন ১ হাজার ৪৭৯ জন।

নতুন করে এসব কর্মকর্তাদের পদ অনুযায়ী পদায়ন সম্ভব হবে না জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ কর্মকর্তাকেই আগের পদেই রাখা (ইন সি টু) হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকও বলছেন, স্থায়ী পদের থেকে বেশি কর্মকর্তার পদোন্নতি হওয়ায় সবাইকে পদায়নে একটু সময় লাগবে।

সবশেষ গত মে মাসে অতিরিক্ত সচিব পদে ৮৫ জন, যুগ্ম-সচিব পদে ৭০ জন এবং উপসচিব পদে ৬২ জনকে পদোন্নতি দেয় সরকার।

তার আগে গতবছর জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ওই সময় বলেছিলেন, জনপ্রশসানে ‘হতাশা কাটাতেই’ একসঙ্গে এতো কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এবার অতিরিক্ত সচিব পদে মূলত ১৯৮৬ সালের ব্যাচের কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে ১৯৮২ সালের বিশেষ বিবিএস ব্যাচ, ৮৪ ও ৮৫ সালের ব্যাচের বাদপড়া কিছু কর্মকর্তাও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

যুগ্ম-সচিব হিসেবে ১১তম ব্যাচের কর্মকর্তাদের প্রধান্য থাকলেও নবম, দশম এবং ৮৪ ও ৮৫ সালের ব্যাচের বাদপড়া কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

আর উপ-সচিব হিসেবে মূলত ২১তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছে সরকার। তবে এর আগে বাদপড়া বেশ কয়েকটি ব্যাচের কর্মকর্তারাও উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

ইসমাত আরা সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব কর্মকর্তা পদোন্নতির জন্য বিবেচনার দাবি রাখেন তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

নানা কারণে অনেকেই বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “(পদোন্নতি দিতে) আমাদের একটা হিসাব আছে, তার মধ্যে তাদেরকে রাখা যায়নি।”

পদোন্নতি পাওয়া সব কর্মকর্তার ‘পোস্টিং হবে’ জানিয়ে ইসমাত আরা বলেন, তবে একটু সময় লাগবে।

আগের বিসিএসগুলোতে একসঙ্গে অনেককে নিয়োগ দেওয়ায় এখন স্থায়ী পদের থেকে বেশি কর্মকর্তাদের পদোন্নতি দিতে হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

“কতগুলো অসুবিধা করে গেছেন আগের…। তারা বড় বড় ব্যাচ নিয়েছেন, তাদের সবাইকে অ্যাকোমোডেট করা যায় না, নানা কারণে যায় না। কারণ আমাদের এত পোস্ট নাই, সেজন্য (পদায়নে) সময় লাগবে।”

২০১৪ সালের ১২ জানুয়ারি টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর এ বছরের ২৭ নভেম্বর পর্যন্ত জনপ্রশাসনের প্রায় ১ হাজার ৯০০ কর্মকর্তাকে পদোন্নতি দিল।

বিগত সরকারের সময় (২০০৯-২০১৩) বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল।

গত সরকারের আমলে পদোন্নতি পাওয়া দুই হাজার ৫২৮ কর্মকর্তার মধ্যে সচিব পদে ৭৮ জন, অতিরিক্ত সচিব পদে ২৯৩ জন, যুগ্ম-সচিব পদে এক হাজার ৯১ জন এবং উপ-সচিব হিসাবে ১ হাজার ৬৬ জন পদোন্নতি পান।

সরগরম জনপ্রশাসন মন্ত্রণালয়

রোবাবার সকালেই তিনস্তরে পদোন্নতির আদেশ জারির পর কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভীড় জমান। অনেকেই মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পদোন্নতির খবর জেনে যোগাদানপত্র নিয়ে সচিবের দপ্তরে আসেন।

পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সহজে ঢোকা যাচ্ছিল না। ফলে অনেক কর্মকর্তা স্বশরীরে মন্ত্রণালয়ে এসে বা ফোনে অন্যদের সঙ্গে যোগাযোগ করে পদোন্নতির খবর নেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং এপিডি শাখার অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরীর কক্ষে হাসিমুখে প্রবেশ করতে দেখা যায়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। কারো কারো হাতে মিষ্টির প্যাকেটও দেখা যায়।