নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক এড়াতে আইন চান এরশাদ
নতুন নির্বাচন কমিশন নিয়োগে জটিলতা এড়াতে আইন করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন ‘দূরূহ’ মন্তব্য করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবিও তুলেছেন তিনি।
শনিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, নির্বাচন কমিশন গঠন প্রশ্নে আইনি কাঠামোতে ‘অনেকটা সীমাবদ্ধতা’ রয়েছে।
“সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে ‘উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করিবেন’ কথাটি বলা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগের কোনো যোগ্যতা বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংবিধানে কিছু বলা নেই।”
এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইন না হওয়ার কথা তুলে ধরে জাতীয় পার্টি প্রধান বলেন, “সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে। নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় থাকতে হবে।”
বর্তমান সংসদেই এই আইন পাশের উদ্যোগ নেওয়ার দাবি জানান এরশাদ।
নির্বাচন কমিশনারদের যোগ্যতা হিসেবে নিরপেক্ষতা, একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত বিষয়ে জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয় নয়, অন্য অফিসে নিয়োগে বিধিনিষেধ ও চারিত্রিক স্বচ্ছতার কথা বলেছেন তিনি।
বাংলাদেশে ‘নিরপেক্ষ’ প্রার্থী পাওয়া খুব কঠিন মন্তব্য করে এরশাদ বলেন, “নিরপেক্ষ বিবেচনা করা হলেও কার্যত তাকে আর নিরপেক্ষ হিসেবে পাওয়া যায় না।”
এর উদাহরণ দিয়ে তিনি বলেন, “ভারতের প্রধান নির্বাচন কমিশনার টি এন সেসন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে সমাদৃত হয়েছিলেন। তারপরও বিরোধী দল তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল। সেসন এখন বিজেপিতে যোগদান করেছেন।”
এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আইন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়াকে যদি আমরা একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারি, তাহলেই কেবল কমিশন নিয়োগ বিতর্কমুক্ত হতে পারে।”
বর্তমান নির্বাচন পদ্ধতির সমালোচনা করে এরশাদ বলেন, “আমাদের নির্বাচনী ব্যবস্থাটি চলে আসছে ১৯৩৫ সালের ব্রিটিশ ভারতের আইন অনুসারে। এই আইনের পরিবর্তন করা প্রয়োজন।”
তিনি বলেন, “বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা খুবই দূরূহ ব্যাপার। এই পদ্ধতিতে মাস্তান, কালো টাকার মালিক, অর্থ ও বিত্তের জোরে রাজনীতিতে অনভিজ্ঞ ব্যক্তিদের দলীয় মনোনয়ন কিংবা নির্বাচনে জিতে আসার সুযোগ রয়ে গেছে। নির্বাচনে হয় অর্থের দাপট নতুবা মাস্তানের দাপট জয়ী হয়, সততা-যোগ্যতা হয় পরাস্ত।”
ভোটের সংখ্যানুপাতে জাতীয় সংসদের আসন বণ্টনের প্রস্তাব করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার পদ্ধতি যখন দলীয় শাসন ব্যবস্থা- সে ক্ষেত্রে নির্বাচনও শুধু দলের ভিত্তিতে হতে পারে। অর্থাৎ ভোটাররা দলকে ভোট দেবেন, সরাসরি প্রার্থীকে নয়। প্রত্যেক দল প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে সংসদীয় আসনের সদস্য পাবে। তবে সদস্য পাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের কাস্টিং ভোটের মধ্যে ন্যূনতম ভোট পাওয়ার সীমা থাকবে।
“প্রত্যেক দল নির্বাচনে তাদের প্রার্থী প্যানেল তৈরি করে নির্বাচন কমিশনে জমা দেবে। রাজনৈতিক দলগুলো নিজস্ব ইশতেহার ঘোষণার মত প্রার্থী তালিকা তৈরি করে দেশবাসীর সামনে উপস্থাপন করবে। তারপর দেশে বিদ্যমান তিনশ আসনেই দলগুলো নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যে দল বেশি ভোট পাবে স্বাভাবিকভাবেই সেই দল বেশি সংসদ সদস্য লাভ করবে।”
এরশাদ বলেন, এভাবে নির্বাচনে কোনো দল কাস্টিং ভোটের ৫০ শতাংশ পেলে তারা সংসদের ১৫০ আসন পাবে। আবার কোনো দল কাস্টিং ভোটের ১ শতাংশ পেলে তিন জন সদস্য পাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের বাইরে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি জাতীয় পার্টি প্রধান।
এ সময় তার সঙ্গে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতী, জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় উপস্থিত ছিলেন।
