জাত-পাত বৈষম্য নিরসনে আইন প্রণয়নের সুপারিশ
বাংলাদেশে দলিত নারীর অধিকার প্রতিষ্ঠায় দেশে ‘জাত-পাত বৈষম্য’ নিরসনে যথোপযুক্ত আইন প্রণয়ন এবং তা কার্যকরের করার সুপারিশ করেছে দুটি মানবাধিকার সংস্থা।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত নারী ফেডারেশনের এক মতবিনিময় সভায় এর পাশাপাশি ১০টি সুপারিশ তুলে ধরা হয়।
সুপারিশগুলো তুলে ধরে নাগরিক উদ্যোগের কর্মসূচি ব্যবস্থাপক আফসানা বিনতে আমিন বলেন, গত ৭-৮ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় সিডও কমিটির ৬৫তম অধিবেশনে বাংলাদেশের দলিত নারীদের মানবাধিকার এবং আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে উপস্থাপিত প্রতিবেদনের সুপারিশ তুলে ধরার জন্য তাদের মতবিনিময় সভা।
এছাড়া জাত-পাত বৈষম্যের শিকার জনগোষ্ঠীর পৃথক জনতাত্ত্বিক তথ্য প্রকাশ; বিয়ে, তালাক, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন ও শিশুর জিম্মা সংক্রান্ত আইনের বৈষম্যমূলক অংশগুলো বিলুপ্তি এবং একটি অভিন্ন পরিবার নীতি গ্রহণ; জাতীয় নারী উন্নয়ন নীতিমালা পর্যালোচনা এবং সেখানে দলিত নারী ও কিশোরী এবং অন্যান্য প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর নারীদের বিশেষ চাহিদার বিষয়টি অন্তর্ভুক্ত করা তাদের অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে।
মতবিনিময় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম বলেন, দলিত জনগোষ্ঠীর নারীরা এখনও অনেক পিছিয়ে আছে। তারা নিজ নিজ সমাজে যেমন অবহেলার শিকার তেমনিভাবে বৃহত্তর জনগোষ্ঠীর মাধ্যমেও দলিত হিসেবে বিভিন্নভাবে বৈষম্যের শিকার। তাই এ জনগোষ্ঠীর নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা খুব জরুরি।
তিনি বলেন, দলিত জনগোষ্ঠী শহরাঞ্চলে কলোনিতে ও গ্রামাঞ্চলে একটি নির্দিষ্ট পাড়ায় বসবাস করে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের ভূমি অধিকার নেই। এ অবস্থায় সরকারের পাশাপাশি সবাইকে উদ্যোগী হতে হবে।
দলিত নারী ফেডারেশনের সভাপতি মনি রাণী দাসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।
