২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ জালিয়াতির মামলায় এমপি শওকতের জামিন কেন বাতিল নয়: হাই কোর্ট

ঋণ জালিয়াতির অভিযোগের দুই মামলায় নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির সাংসদ শওকত চৌধুরীকে নিম্ন আদালতের দেওয়া জামিন নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

তার জামিনের ওই আদেশ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল হয়েছে।

বৃহস্পতিবার একই মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান এবং বংশাল শাখার তৎকালীন ব্যবস্থাপক হাবিবুল গণির জামিন প্রশ্নে রুল শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেয়।

আগামী ১০ দিনের মধ্যে ওই সংসদ সদস‌্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ রুল শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিনও ঠিক করা হয়েছে।

আদালতে আসাদুজ্জামানের পক্ষে ব্যারিস্টার জিয়াউর রহমান খান ও হাবিবুল গনির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন।

সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “জামিন শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা জানান জালিয়াতির মূল হোতা সাংসদ শওকত নিম্ন আদালত থেকে জামিনে আছেন। তখন শওকতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন আদালত।”

মামলার বিবরণীতে জানা যায়, বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখা থেকে চলতি বছর ৮ মে ৮২ লাখ ৮৯ হাজার ৮১৫ এবং ১০ মে ৯৩ কোটি ৩৬ লাখ ২০ হাজার ২১৩ টাকা ঋণ জালিয়াতির অভিযোগে শওকতসহ ৯ জনের নামে দুটি মামলা করে দুদক।

২০১২ এর ডিসেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মোট ৩৭টি এলসি খুলে মেসার্স যমুনা এগ্রো কেমিকেল, মেসার্স এগ্রো কেমিকেল লিমিটেড ও উদয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশ করে তিনি এ ঋণ জালিয়াতি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ব‌্যারিস্টার সারোয়র বলেন, বাংলাদেশ কমার্স ব্যাংকের মোট আমানতকৃত অর্থের পরিমাণ ২০০ কোটি টাকা। সেখানে ১০২ কোটি টাকা একজনই ঋণ জালিয়াতি করেছেন, যা মোট আমানতের অর্ধেকের বেশি।