অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির দুই কর্তার আবেদন খারিজ
অর্থ আত্মসাৎ ও পাচারের দুটি মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং ডেসটিনি-২০০০ লিমিটিডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
আলাদাভাবে করা দুই আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আবেদন দুটি সরাসরি খারিজ করে দেয়।
এর ফলে নিম্ন আদালতে এ মামলার বিচার চলতে কোনো বাধা থাকল না বলে দুদকের আইনজীবী জানান।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ডেসটিনির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
দুর্নীতি দমন কমিশন ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা করে।
রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন
অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সাল থেকে ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রোজেক্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ৪৪৫ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ২ হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাত করা হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হন সাড়ে ১৭ লাখ বিনিয়োগকারী।
আর মাল্টি পারপাস কো-অপারেটিভ প্রোজেক্টের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করেছিল ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়ে। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা গত ২৪ অগাস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ দুই মামলায় আসামিদের বিচার শুরু করে। ওই আদেশের বিরুদ্ধেই হাই কোর্টে আসেন রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন।
