২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের চাকরিবিধি: এক সপ্তাহ সময় পেল সরকার

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে মাসদার হোসেন মামলার রায়ের আলোকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে রাষ্ট্রপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 12:50 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আট বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।

আদেশের পর একরামুল হক বিডিনিউজকে টোয়েন্টিফোর ডডটকমকে জানান, “নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করে ২৪ নভেম্বরের মধ্যে তার গেজেট আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। কিন্তু আজ গেজেট প্রকাশের জন্য সাত দিন সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেছে।”

এর আগে গত ৭ নভেম্বর এ বিষয়ে শুনানিতে আদালত বলেছিল, বিধিমালা করার জন্য ২৪ নভেম্বরই শেষ সময়; এরপর আর সময় সরকারকে দেওয়া হবে না।

মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।

ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।

মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। এছাড়া নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে দাখিল করা হয়।

সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী বলে গত ২৮ আগাস্ট শুনানিতে জানায় আপিল বিভাগ।

এরপর ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেইসঙ্গে ৬ নভেম্বরের মধ্যে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে বলা হয় আইন মন্ত্রণালয়কে।

ওই তারিখে মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় এলে অ্যাটর্নি জেনারেল কোনো অগ্রগতি জানাতে না পারায় বিধিমালা চূড়ান্ত করার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা লিখিতভাবে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয় আপিল বিভাগ।

পরদিন অ‌্যাটর্নি জেনারেল সময় চেয়ে আবেদন করেন। কিন্তু আবেদনটি ‘অস্পষ্ট’ জানিয়ে আট সপ্তাহ সময় না দিয়ে ২৪ নভেম্বরের মধ‌্যে বিধিমালা চূড়ান্ত করে তা গেজেট আকারে জারি এবং আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এরপর বৃহস্পতিবার নতুন করে আরও সাত দিন সময় দেওয়া হল সরকারকে।