দিকপালদের নিয়ে ঢাকায় শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের দিকপালদের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব।
বৃহস্পতিবার থেকে পাঁচদিনের এই উৎসবে থাকছেন বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া,‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ জয়ী বিদূষী গিরিজা দেবী, অশ্বিনী ভিদে দেশপাণ্ডে, মাধবী মুডগাল, সন্তুরবাদক রাহুল শর্মা,পণ্ডিত উদয় ভাওয়ালকার, খেয়াল ওস্তাদ রাশিদ খান, পণ্ডিত উল্লাস কশলকার, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, প্রখ্যাত তবলাবাদক যোগেশ শামসিসহ ভারত ও বাংলাদেশের কণ্ঠশিল্পী ও যন্ত্রীরা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ উৎসবে শাস্ত্রীয় নৃত্য, গীত ও বাদ্যে স্বনামধন্য শিল্পীসহ বাংলাদেশ ও ভারতের উদীয়মান শিল্পীরাও অংশ নেবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাতভর চলবে অনুষ্ঠান।
এ বছর উৎসবটি উৎসর্গ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশ্যে।
শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তার দল নৃত্যনন্দনের ‘রবি করোজ্জ্বল’ শীর্ষক সম্মিলিত পরিবেশনায় শুরু হবে উৎসবের সাংস্কৃতিক পর্ব।প্রথম দিন সন্ধ্যায় আরও থাকছে বংশীবাদক প্রবীণ গোদখিণ্ডি, বেহালাবাদক রাতিশ টাগডে, তবলাবাদক রামদাস পালসুলের যুগল পরিবেশনা।
উদ্বোধনী কথন পর্বের পর মঞ্চে আসবেন সেনিয়া ও বেনারস ঘরানার প্রবাদপ্রতীম কণ্ঠশিল্পী বিদূষী গিরিজা দেবী,তার সঙ্গে তবলায় সংগত করবেন গোপাল মিশ্র। তারপরই মঞ্চে উঠবেন ভারতীয় রাগসংগীতের কিংবদন্তি আলাউদ্দিন খাঁর দৌহিত্র সরোদবাদক ওস্তাদ আশিষ খান, তার সঙ্গে তবলায় সংগত করবেন পণ্ডিত বিক্রম ঘোষ।
উদ্বোধনী আসরের রাতে থাকছে জাসরাঙ্গি খেয়ালের আসর, পরিবেশন করবেন জয়পুর আত্রৌলি ঘরানার পণ্ডিত অশ্বিনী ভিদে দেশপান্ডে। তার সঙ্গে কণ্ঠে সংগত করবেন পণ্ডিত সঞ্জীব অভয়ংকর,তবলায় আজিঙ্কা যোশি ও রোহিত মজুমদার।
শুক্রবার দ্বিতীয় দিনের আসর শুরু হবে বিদূষী মাধবী মুডগাল ও আরুশি মুডগালের পরিবেশনায়। তারপর বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের তবলার ধুন পরিবেশনার পরে খেয়াল পরিবেশন করবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা গোপ। সেদিন থাকছে রাহুল শর্মার সন্তুর পরিবেশনা। সেতার পরিবেশনা করবেন পূর্বায়ণ চট্টোপাধ্যায়, খেয়াল পরিবেশনায় থাকবেন পণ্ডিত উল্লাস কশলকার। ভোররাতে পরিবেশিত হবে পণ্ডিত রনু মজুমদারের বাঁশি, ইউ রাজেশের ম্যান্ডোলিন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তবলার ধুন।
বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত পরিবেশনায় শুরু হবে তৃতীয় দিনের আসর।। তারপর কর্ণাটকি সংগীতরীতির বংশীবাদক শশাঙ্ক সুব্রহ্ম্যণনের পরিবেশনার পর থাকবে পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়,রোহিত মজুমদারের তবলার ধুন।
ধ্রুপদ সংগীতের ডাগর ঘরানার ওস্তাদ উদয় ভাওয়ালকরের সঙ্গে পাখাওয়াজ পরিবেশন করবেন প্রতাপ আওয়াদ। সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের সেতার পরিবেশনার পর মঞ্চে আসবেন উপমহাদেশের অন্যতম খেয়ালিয়া ওস্তাদ রাশিদ খান।
চতুর্থ দিনের আসর শুরু হবে মুনমুন আহমেদ ও তার দল রেওয়াজের সম্মিলিত নৃত্য পরিবেশনায়। সেদিন পারফর্ম করবেন খেয়ালিয়া জয়তীর্থ মেউন্ডি। পণ্ডিত যোগেশ শামসি ও পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যুগল তবলা পরিবেশনার পর কর্ণাটকি সংগীত শোনাবেন রঞ্জনী ও গায়ত্রী। তারপর থাকবে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ পরিবেশনা। ভোরে মঞ্চে উঠবেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব শেষ হবে ২৮ নভেম্বর। সেদিন সন্ধ্যা ৭টায় সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দলীয় পরিবেশনায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। তারপর থাকবে বেঙ্গল পরম্পরা সংগীত বিদ্যালয়ের সেতার পরিবেশনা। সন্তুরের কিংবদন্তি শিবকুমার শর্মার সঙ্গে পারফর্ম করবেন তবলা-পণ্ডিত যোগেশ শামসি। ধারাওয়াড় গায়নরীতির কুমার মাদুরের পরিবেশনাও থাকবে সে রাতে। পরিবেশনায় আসবেন সেতারবাদক ও সুরবাহার শিল্পী কুশল দাস ও খেয়ালিয়া আরতী আঙ্কালিকা।
পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির ধুনে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্কয়ার গ্রুপ।সহযোগিতায় রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
