অধিকার আদায়ে নারীদের সচেতন হতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার পাশাপাশি সাহস নিয়ে ট্রেন ইউনিয়নসহ সরকারি-বেসরকারি নেতৃত্বে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নারীশ্রমিক কণ্ঠের অঙ্গীকার: চাই সমতা ও মর্যাদার অধিকার’ শিরোনামে আয়োজিত নারীশ্রমিক সম্মেলনের ব্ক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, “ট্রেড ইউনিয়নসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব দিতে নারীদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারের কাছ থেকে নিতে জানতে হবে, অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।”
নারীশ্রমিকের অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী।
অনুষ্ঠান থেকে শ্রমিক কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি তহবিল থেকে নারী শ্রমিকদের জন্য সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।
আগামী জানুয়ারি মাস থেকেই এই তহবিলের অর্থ কয়েকটি ক্ষেত্রে বরাদ্দ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী চুন্নু জানান, তহবিল থেকে তৈরি পোশাক খাতের কোনো শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা, দুরারোগ্য ব্যাধি আক্রান্ত শ্রমিককে এক লাখ টাকা, গর্ভবতী নারী শ্রমিককে বেতন বাদে মাতৃত্বকালীন ছুটির সময়ের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হবে।
এছাড়া কোনো শ্রমিকদের সন্তান সরকারি মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়লে তাকে তিন লাখ টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে ৫০ হাজার টাকা দেওয়া হবে জানান তিনি।
এছাড়া অপ্রাতিষ্ঠানিক শ্রমিক বা দিনমজুরদের প্রভিডেন্ট ফান্ড স্কিমে আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
সম্মেলনের সভাপতি শিরিন আখতার বলেন, “প্রতিমন্ত্রী যে ঘোষণা দিলেন, তা যদি বাস্তবায়িত হয় তবে আমরা অনেক আনন্দিত হব। নিজেদের অধিকার আদায়ে নারী শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠনে এগিয়ে আসুন, নারী নেতৃত্বের অগ্রযাত্রায় শামিল হন।”
সম্মেলনে তাজরীন-রানাপ্লাজাসহ বিভিন্ন খাতে কর্মরত যে সকল শ্রমিক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের স্মরণ করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেড্ডি, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, এফইএসের আবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ন, নারীশ্রমিক কণ্ঠের উপদেষ্টা ড. প্রতিমা পাল মজুমদার ও সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
