ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মীর লাশ
ঢাকার বেইলি রোডে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রমনা থানার ওসি মশিউর রহমান বলছেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বলেই তারা মনে করছেন। প্রতিমন্ত্রী বীরেন শিকদারও একই কথা বলেছেন।
এ বিষয়ে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শিশির সরকার।
মিলন টিকাদার নামের ২০ বছর বয়সী ওই তরুণ গত তিন বছর ধরে বীরেন শিকদারের বাসায় এমএলএসএস হিসেবে কাজ করছিলেন। তার বাড়ি মাগুরায়।
বুধবার সকালে বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসার খাবার ঘরে মিলনের ঝুলন্ত লাশ পাওয়া যায়।
ওই বাসা থেকে থানায় খবর দেওয়া হলে সকাল পৌনে ৭টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে রমনার ওসি মশিউর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গলায় লুঙ্গি প্যাঁচানো লাশটি ফ্যানের সঙ্গে ঝুলছিল। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।”
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শিশির সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে অল্পবয়সী ছেলে। আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে। তদন্ত করলে জানা যাবে।”
পরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে বীরেন শিকদার বলেন, “তিন বছর ধরে সে আমার বাসায় আছে, কখনো সমস্যা দেখিনি। কাল রাতে বাসায় মেহমান ছিল, মিলনই তাদের খাওয়া-দাওয়া করাল, রাত ২টার পরে নিজের ঘরে ঘুমাতে গেল। সকালে প্রথমে আমার পত্নী ও পরে আমি দেখি ডায়নিং রুমে ওর লাশ ঝুলছে।”
প্রতিমন্ত্রীও বলেন, “আমরা খোঁজ-খবর নিয়েছি, এলাকায় তার একটা প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার পেছনে সেটা কারণ হতে পারে। বাকিটা পুলিশ তদন্ত করবে।”
ঢাকার বেইলি রোড। ছবি: গুগল স্ট্রিটভিউ।
মিলন আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে জানিয়েছেন তার বাবা বিজন টিকাদার।
মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছী গ্রামে দরিদ্র ভ্যানচালক বিজন ও স্বপ্না রাণীর একমাত্র ছেলে মিলন।
তার বাবা জানান, প্রতিমন্ত্রীর বাসায় কাজ করতে যাওয়ার আগে শালিখা উপজেলা নির্বাহী অফিসারের বাসায় কাজ করার সময়ও মিলন ‘তুচ্ছ ঘটনায়’ একবার বিষ পান করেন।
“পরে আরও একবার বাড়িতে গুল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। মিলন খুবই অভিমানী, আচার-আচরণে মেয়েলী ভাব ছিল,” বলেন বিজন।
সম্প্রতি কাত্যায়নী পূজার সময় বাড়ি এসে মিলন নাচ-গান করে সময় কাটিয়ে যান বলেও জানান তার বাবা।
কোন অভিমান থেকে বা কেন মিলন আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য তার মা-বাবা দিতে পারেননি।
