রাজধানীতে নকল ওষুধ রাখায় গ্রেপ্তার ১
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে নকল, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার ও আরও চারজনকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত মিটফোর্ড এলাকায় ওই অভিযান চালানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ।
অভিযানে জরিমানা করা চার ব্যবসায়ী হলেন- বাবু বাজারের আলী মেডিসিন মার্কেটের মেসার্স আহসান ড্রাগ স্টোরের মালিক মো. বিপ্লব, ওই মার্কেটের তৃতীয় তলার প্রথম গোডাউন মেসার্স দুলালী মেডিসিন মার্কেটের মালিক জুয়েল হোসেন (৪১), মার্কেটের পঞ্চম তলার দ্বিতীয় গোডাউনের মালিক ফিরোজ ভূঁইয়া এবং একই তলায় তৃতীয় গোডাউনের মালিক আরিফুর রহমান।
নকল ও অনুমোদনহীন ওষুধ বাজারে বিক্রির অভিযোগে এই চারজনকে তিন লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
আর ভেজাল ওষুধ ব্যবসায় জড়িত অভিযোগে গ্রেপ্তার মো. মাসুদুল আলমের (৬০) মিটফোর্ড এলাকার একটি বাসা থেকে অনুমোদনহীন ও নকল ওষুধ পায় ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদুল আলম স্বীকার করেছে তার বাসায় নকল ও ভেজাল ওষুধ মজুদ করে বাজারজাত করার সঙ্গে তিনি ছাড়াও আরও ১০/১২ জন জড়িত।
তারা বিভিন্ন প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্যান্ডের ওষুধ নকল করে তা বাজারজাত করতো বলেও জানান তিনি।
