২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসাতের অর্থ ফেরত দিলে ‘নমনীয় থাকবে দুদক’

দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা অর্থ যারা ফেরত দেবে, তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন ‘নমনীয়’ থাকবে বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী এ সংস্থার কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 05:10 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

দুদকের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “সব অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে আমরা মামলা করছি না। আত্মসাতকারীরা অর্থ ফেরত দিলে তাদের আমরা ক্ষমা করে দিচ্ছি। তাদের বিষয়ে দুদক নমনীয়।”

আত্মসাতের অর্থ ফেরত না দিলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব‌্য করেন দুদকের তদন্ত দেখভালের দায়িত্বপ্রাপ্ত এই কমিশনার। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ আলোচনা অনুষ্ঠানে বিশ্বসাহিত‌্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “শুধু ছোট দুর্নীতিবাজদের ধরলে চলবে না, বড় দুর্নীতিবাজদেরও আইনের আওতায় আনতে হবে। কারণ অপরাধ করে মূলত ক্ষমতাবান মানুষরা। দুর্নীতিকে রুখতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের স্থায়িত্ব ধরে রাখা সম্ভব হবে না।”

১৯৫৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে গঠিত দুর্নীতি দমন ব্যুরো একসময় মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির সচিবালয়ের জন বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল। কিন্তু সময় সময়ই দুর্নীতি প্রতিরোধী এ সংস্থার ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ ছিল।

সরকারের এ সংস্থার কাজে গতিশীলতা আনতে ২০০৪ সালে নতুন আইন করা হয়। ব্যুরো বিলুপ্ত করে গঠিত হয়  ‘স্বাধীন দুর্নীতি দমন কমিশন’। ২০০৭ সালে প্রণয়ন করা হয় এর বিধিমালা।

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদকের তৎপরতা অনেক বেড়ে যায়, দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন দেশের দুই শীর্ষ নেতাসহ বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তবে পরে সেসব মামলার অধিকাংশই আর এগোয়নি।     

ওই সময়ে দুদকের অনেক অভিযান যে বিধিসম্মতভাবে হয়নি- সে কথাও একাধিক অনুষ্ঠানে স্বীকার করেছেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান ও এম বদিউজ্জামান।

এরপর ২০১১ সালে পদ্মা সেতু প্রকল্পে ঘুষ গ্রহণের ষড়যন্ত্র, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করে দুদক।

তবে এখনো এ সংস্থা জনগণের প্রত্যাশা ‘যথাযথভাবে পূরণ করতে পারেনি’ বলে স্বীকার করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আলোচনা সভায় তিনি বলেন, “আমরা এক যুগ পার করেছি সত্য, কিন্তু গণমানুষের প্রত্যাশা ও প্রাপ্তি বিবেচনা করলে হতাশ হতে হয়। কারণ প্রাপ্তির হারটা একেবারে নগণ্য। দুদকের অভ্যন্তরীণ দুর্বলতা আছে, সিস্টেমে সমস্যা আছে, দুর্নীতিও আছে। আমরা চেষ্টা করছি এ সব পরিবর্তন করতে।”

অন‌্যদের মধ‌্যে দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদ, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মুনীর চৌধুরী, মহাপরিচালক শামসুল আরেফীন অনুষ্ঠানে বক্তব‌্য দেন।