২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদ মূকাভিনয়ে

প্রতিবেশী দেশ মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিপীড়নের প্রতিবাদ মূকাভিনয়ের মাধ‌্যমে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

রোববার অপরাজেয় বাংলার পাদদেশে ‘স্টপ জেনোসাইড’ শিরোনামে এই প্রতিবাদী কর্মসূচি পালন করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।

মিয়ানমারে জাতিগত বিদ্বেষের শিকার হয়ে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের খবর আন্তর্জাতিক গণমাধ‌্যমে আসছে। তবে দেশটির সরকার তা অস্বীকার করে চলেছে।

মূকাভিনয়ে মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের সঙ্গে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায় এবং গাইবান্ধায় সাঁওতাল নির্যাতনের প্রতিবাদও জানানো হয়।

প্রদর্শনীটি ছিল দুটি গল্পের সমন্বয়ে। প্রথমটিতে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু এবং সাঁওতাল সম্প্রদায়ের উপর সংঘটিত সহিংসতার চিত্র ফুটিয়ে তোলা হয়।

দ্বিতীয় গল্পে মিয়ানমারে রাখাইন রাজ্যের বিপর্যস্ত মানবিক অবস্থা, সেনাবাহিনীর নৃশংসতা, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের বাস্তবতা ও বিশ্ব মোড়লদের নীরবতার চিত্র তুলে ধরা হয়।

মূকাভিনয় প্রদর্শনীর নির্দেশনায় ছিলেন মীর লোকমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিশ্বজিৎ চক্রবর্তী, এমরান হোসেন, গাজী মেহেদী, আল আমিন, মৌসুমী মৌ, সাইফুল্লাহ সাদেক এবং মীর লোকমান।

প্রদর্শনী শেষে মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। শিক্ষকদের পক্ষ থেকে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি রোজারিও বক্তব্য রাখেন।

তিনি বলেন, “সমগ্র বিশ্বের সকল ধর্ম-বর্ণের মানুষ শান্তিতে থাকুক। মিয়ানমারে চলমান নিপীড়ন-হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মীর লোকমান বলেন, “আমরা শুধু মুসলমান নয়, একজন মানুষ হিসেবে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রতিবাদ অমানবিকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সভাপতি শাহরিয়ার শাওন, মাইম অ্যাকশনের পরিচালক মীর লোকমান ও শিক্ষার্থী রায়হান রাহী প্রমুখ।