হ্যান্ডকাফ দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা
রাজধানীর রামপুরার এক ডাকাতি মামলার আসামি আদালতের টয়লেটে ঢুকে হ্যান্ডকাপ দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার এই কাণ্ড করার পর স্বপন (২৮) নামে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়।
গত ১৬ নভেম্বর ডাকাতির অভিযোগে স্বপনকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৭ নভেম্বর তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে থাকাকালে সে একটি ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
“পরে স্বীকারোক্তি জবাবনবন্দি নেওয়ার জন্য আজ (শনিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এই আদালতে নেওয়ার পর একসময় সে বাথরুমে গেলে হ্যান্ডকাপ দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করে।”
ঘটনাটি টের পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগের চিকিৎসক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীর গলায় সামান্য আঘাতের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
