২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন

নতুন বছর থেকে মেস সদস্যদের ভাড়ার পরিমাণ ‘যৌক্তিক হারে’ নির্ধারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মেস সংঘ নামের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 03:13 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে মেস সদস্যদের সঙ্গে ‘সৌজন্য’ রেখে আচরণ করার অনুরোধ জানানো হয় বাড়িওয়ালা ও অন‌্য ভাড়াটিয়াদের প্রতি।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংঘের সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, মেস সদস্যরা সব সময় ‘মানসিক অত্যাচারের’ মধ্যে থাকেন।

“বাড়ির মালিক থেকে শুরু করে পাশের ফ্যামিলি ভাড়াটিয়ারাও সর্বক্ষণ তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন।”

ঢাকার অসংখ্য বাড়িতে মেস করে থাকা ছাত্র ও চাকরিজীবীরা মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান হাবিবুর।

“কোনো বাড়িতে ব্যাচেলের ভাড়া দিলেও তাদের জন্য বরাদ্দ থাকে ছয় কিংবা সাত তলা ভবনের ছাদের ছোট ছোট কক্ষ। অন্যান্য ফ্ল্যাট খালি থাকলেও বাড়ির মালিকদের কথা- ‘থাকলে থাকবেন, না থাকলে অন্য কোথাও বাসা দেখেন।”

সিটি করপোরেশনের মাধ্যমে মেসগুলোতে নাগরিক সেবা দেওয়ার ব্যবস্থা এবং বাড়ির মালিকদের ‘সৌজন্যমূলক আচরণ শেখানোর’ উদ্যোগ নেয়ার দাবি জানান সংঘের সভাপতি।

তিনি সন্ত্রাস দমনে অন্যদের মত মেস সদস্যদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান।

সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আক্তার বলেন, “ঢাকায় যারা মেসে থাকেন, তাদের দিকে তাকানোর লোক নেই। অথচ আজকে যারা সরকারের বড় বড় কর্মকর্তা তারাও একদিন মেসে ছিলেন। আপনারাও জানেন, ব্যচেলররা কত ধরনের নিপীড়নের শিকার হয়। তাহলে তাকান না কেন?”

সমাবেশ থেকে ঢাকাসহ সারাদেশে মেসের জন্য স্থান বরাদ্দ, মেসের সার্বিক নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের ব্যবস্থা নেওয়াসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়।