‘সীমান্তহত্যা বন্ধে বিএসএফকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে’
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ এর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহা পরিদর্শক পিএসআর আনজানেইয়ুলু।
তিনি বলেছেন, “সীমান্তে যাতে গুলি করা না হয় সেজন্য আমাদের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছি।”
কলকাতার লর্ড সিনহা রোডে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদর দপ্তরে সোমবার বাংলাদেশের সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়ে আনজানেইয়ুলু এ কথা বলেন।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে বিএসএফ এর কাজের বিভিন্ন দিকও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ও বিএসএফ এর ব্যবস্থাপনায় বাংলাদেশি সাংবাদিকের এই প্রতিনিধি দল সোমবার কলকাতা পৌঁছায়।
বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকদের সুন্দরবন এলাকা এবং উত্তর চব্বিশ পরগনার পানিতার এলাকায় সীমান্ত রক্ষা কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়।
মত বিনিময়ের সময় সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার প্রসঙ্গ উঠলে আনজানেইয়ুলু বলেন, “কিছু ক্ষেত্রে অপরাধীরা বাধ্য করে গুলি করতে। এত কাছ থেকে আক্রমণ করে যে গুলি করা ছাড়া উপায় থাকে না। আত্মরক্ষরার্থে গুলি করতেই হয়। তবে আমরা চেষ্টা করছি আমাদের সদস্যদের প্রশিক্ষণ দিতে, যাতে এ ধরনের ঘটনা না ঘটে।”
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত এপ্রিলে সংসদে প্রশ্নোত্তরে জানিয়েছিলেন, বিগত চার বছরে সীমান্তে অন্তত ১৪৬ জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিদায়ী মহাপরিচালক আজিজ আহমেদও বলেছেন, সীমান্তহত্যা ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনতে না পারাটাই তার চার বছর মেয়াদের ‘সবচেয়ে বড় অসফলতা’।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের প্রধান কর্মকর্তা আনজানেইয়ুলু বলেন, ওয়েস্টার্ন ফ্রন্টে (পাকিস্তান-ভারত সীমান্ত) তাদের একভাবে কাজ করতে হয়, কারণ ওপারে একটি ‘শত্রু দেশ’। আর ইস্টার্ন ফ্রন্টে (বাংলাদেশ-ভারত সীমান্ত) কাজের ধরন আলাদা।
“যেসব ব্যাটালিয়ন কাজ করছে তাদেরকে বলা হয় যে, এখানে (বাংলাদেশ-ভারত সীমান্ত) একই কৌশলে কাজ করা যাবে না। কারণ বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র।”
সীমান্তহত্যা বন্ধে বিএসএফ কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে দুই মাস আগে ফ্রন্টিয়ারের দায়িত্ব নেওয়া এই কর্মকর্তা বলেন, “এখানে একটু সময় লাগবে। নন লিথাল অস্ত্র ব্যবহার করে এটা এড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এটা শূন্যের কোঠায় আনা যাবে।”
নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া না গেলেও সীমান্ত হত্যা বন্ধ করা ‘সম্ভব’ বলে মনে করেন বিএসএফের এই কর্মকর্তা।
“আমাদের সৈন্যরা খুব কাছ থেকে আক্রমণের শিকার না হলে ফায়ার করে না। অনেক অপরাধীরা খুব কাছ থেকে দা, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে।... আমরা সবসময় বলি গুলি চালিও না। গুলি চালানো লাস্ট স্টেজ।”
বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের সাউথবেঙ্গল ফ্রন্টিয়ার ২০১৩ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সীমান্তে ২২৪ রাউন্ড গুলি চালিয়েছে। আর রাবার বুলেট ছোড়া হয়েছে ২ হাজার ৩০০টি।
আনজানেইয়ুলু বলেন, “কিছু ক্ষেত্রে আমরা সতর্ক করার জন্য গুলি চালাই। যখন আমরা বুঝতে পারি যে কোনো অপরাধ সংঘটিত হতে যাচ্ছে, তথন আমরা অপরাধীদের সতর্ক করার জন্য গুলি চালাই।”
