২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল নিয়ে ছাত্রফ্রন্টের প্রতীকী গণভোটের রায় প্রকাশ

বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে প্রতীকী গণভোটের রায় প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশ থেকে ১৮ দিন ধরে নেওয়া এ গণভোটের রায় প্রকাশ করা হয়।

ছাত্রসংগঠনটি পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং হলের প্রায় ১০ হাজার ১১১ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর উপর এই গণভোট পরিচালনা করা হয়।

“গণভোটে অংশ নেওয়া ৮৫০ জন অর্থাৎ প্রায় ৮.৫১% সুন্দরবনে রামপালে বিদ্যুৎ প্রকল্পের পক্ষে ভোট দেয়। আর রসুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে ভোট দেয় নয় হাজার ১৪৮ জন প্রায় ৯০.৪৮% ভোটদাতা।”

প্রতীকী এই গণভোটে প্রদত্ত ভোটের প্রায় ১% বাতিল হিসেবে গণ্য হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সমাবেশে জাতীয় তেল,গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “আশা করি বর্তমান সরকার তাদের জন্য মহাকলঙ্ক হিসেবে চিহ্নিত হওয়ার আগেই সুন্দরবনের কাছ রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করবে।”

একই সঙ্গে বর্তমান সরকারের শুভাকাঙ্খী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকে সরকারকে ‘এই কলঙ্কের’ হাত থেকে বাঁচাতে রামপালে বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে ব্যানার হাতে রাস্তায় নেমে এস আহ্বান জানান তিনি।

আনু মুহাম্মদ বলেন, “সুন্দরবন হচ্ছে আমাদের দেশের মহাপ্রাণ। সুন্দরবন যদি টিকে না থাকে তাহলে সেখানকার মানুষও টিকবে না। তবে মানুষকে ছাড়াও সুন্দরবন ঠিকই টিকে থাকবে। তাই সুন্দরবনের জন্য মানুষ অপরিহার্য নয়, মানুষের জন্যই সুন্দরবন অপরিহার্য।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দীন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা উপস্থিত ছিলেন।