পাকিস্তানের দাবি ‘জাস্ট ইডিঅটিক’: মুহিত
প্রায় দুই যুগ লুটপাটের পর একাত্তরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া পাকিস্তানের বাংলাদেশের কাছে অর্থ দাবির উদ্যোগের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তাদের এ পদক্ষেপকে ‘নির্বোধ, হঠকারী, উদ্ধত’ বলে মন্তব্য করেছেন তিনি।
একাত্তরে দখলদার পাকিস্তানি বাহিনীর এদেশে জান-মালের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসা মুহিত বলছেন, বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় আলোচনায় ‘দরিদ্র’ বলে ক্ষতিপূরণের ক্ষেত্রে তাদের ছাড় দেওয়ার কথাও বলেছেন তিনি।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক একাত্তরের ঘটনায় বাংলাদেশ ও ভারতের কাছে পাওনা দাবির উদ্যোগ নিয়েছে বলে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তানকে (এসবিপি) উদ্ধৃত করে বলা হয়, পাকিস্তান বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯ দশমিক ২১ বিলিয়ন পাকিস্তানি রুপি) পাওনা দাবি করতে যাচ্ছে।
১৯৭১ সালের আগে পূর্ব পাকিস্তানের কাছে পশ্চিম পাকিস্তানের যে অর্থ পাওনা ছিল তা বর্তমানে ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সম্পদ মূল্যায়নের (অ্যাসেট ভ্যালুয়েশন) মাধ্যমে প্রকৃত এই পাওনা নিরূপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর পাকিস্তানের ওই উদ্যোগের বিষয়ে মুহিতের দৃষ্টি আকর্ষণ করা হয়।
তিনি বলেন, “এটা সম্পর্কে কমেন্ট করার প্রয়োজন নাই। এদের সম্পর্কে কমেন্ট করা হলে ফারদার ইম্পর্টেন্স দেওয়া হবে টু স্টুপিড, ইডিঅটিক মুভ অ্যান্ড অডায়েসাস অলসো।”
বাংলাদেশ পাকিস্তানের কাছে পাওনা চাইবে কি না, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “যখনই তাদের সাথে আলোচনা হয়, আমরা আমাদের দাবির কথা তাদের বলি। ইট ইজ ইনরমাস ক্লেইমস। আমরা প্রোপার্লি ডকুমেন্টেড চারটা বিকল্প ক্লেইম করে রেখেছি। তাদের কিছুই নাই, ডকুমেন্ট নাই। ইটস জাস্ট ইডিঅটিক।”
বাংলাদেশের দাবিকৃত টাকার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট অঙ্ক বলতে পারেননি মুহিত।
এটা ৫ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে জানিয়ে তিনি বলেন, “বাট উই অফারড দেম সাম রিলিফ। উই টোল্ড দেম, উই নো- তোমরা একটা পুওর কান্ট্রি। সুতরাং তোমাদের সমস্ত টাকা দেবার সামর্থ্য নাই। উই শ্যাল বি জেনারাস... পেয়িং ইন ইন্সটলমেন্ট... এটসেটরা।
“তখনই বলেছি, যখন আমাদের অবস্থা খারাপ ছিল, এখন তো এটা বলতেই পারি। এখন তারা নাথিং। তাদের পার ক্যাপিটা ইনকাম হাই। কিন্তু দিস ইজ ইউজলেস। ইট উইল বি ভেরি সুন বিলো আস। তাদের সঙ্গে আমাদের তুলনা করার কোনো যৌক্তিকতা নেই।
“আমরা তাদের ছাড়া অনেক ভালো আছি।”
১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার পাকিস্তানকে পাওনা পরিশোধ করতে বলেছিল। ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করে পাকিস্তানের কাছে পাওনা আদায়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা করে বলেও গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
বর্তমান বাজারমূল্যে পাকিস্তানের কাছে বাংলাদেশ ৩৩ হাজার কোটি টাকায় পাওনা বলে বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে।
