ইউটিউবে ভিডিও দিয়ে বাঁচল ২৫ শ্রমিকের জীবন
আফগানিস্তানের একটি ইস্পাত কারখানায় কাজ করতে গিয়ে কর্তৃপক্ষের নির্যাতন আর অনাহার-অর্ধাহারে বছরখানেকের বন্দিজীবন কাটিয়ে দেশে ফিরেছেন ২৫ বাংলাদেশি।
প্রবাস জীবনের কষ্টের বর্ণনা দিয়ে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করার পরই দেশে ফিরতে সক্ষম হন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই ২৫ জন।
বিমানবন্দরে পা রেখেই বুকভরে শ্বাস নেন কুড়িগ্রামের রতন মিয়া।
“উফ…ভাই…কতদিন পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। একটু বুক ভরে শ্বাস নিতে পারব। পরিবারের কাছে যেতে পারব। এতদিন তো বন্দি ছিলাম। এখন আমরা স্বাধীন, মুক্ত।”
রতন জানান, গত বছরের ১০ অক্টোবর তারা ২৫ জন আফগানিস্তানের ফোলাড স্টিল মিলে কাজ করতে যান।
আফগানিস্তানে আটকে পড়া ২৫ বাংলাদেশি শ্রমিক বৃহস্পতিবার দেশে ফেরেন
দেশে ফেরা মানিকগঞ্জের নবোগ্রামের রিপন আলী বলেন, “দুই মাস ৩০০ ডলার করে দেওয়ার পর মালিক বেতন দেওয়া বন্ধ করে দেয়। ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পর আমাদেরকে কারখানাতেই থাকতে বাধ্য করা হয়। বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না। কারখানার বাইরে লোকজন পাহারায় থাকত।”
কারখানা মালিকের নির্যাতনের বর্ণনা দেন টাঙ্গাইলের সোহেল রানা।
“কয়েক মাস খুব বাজে খাবার খেয়ে থাকতে হয়েছে। ছোলা, বুট, নিম্নমানের রুটি খেতে দেওয়া হতো। মালিক না আসায় কারখানা ভালো চালত না। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফল হয়নি।”
বন্দিদশায় থেকেই গত ২৯ জুলাই মোবাইল ফোন থেকে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন আটকে পড়া একজন। ভিডিওতে মানবেতর জীবনের তথ্য দিয়ে সহায়তা চাওয়া হয়।
ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আফগানিস্তানের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মকর্তা বাংলাদেশি নাগরিক গোলাম আযমসহ কয়েকজনের নজরে আসে।
ইউটিউবে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া ছবি
“তাদের সহযোগিতায় এগিয়ে আসে আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। তারা নিজেদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করে। পরে সেখান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েও যোগাযোগ করা হয়।”
আইওএম বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শাকিল মনসুর জানান, বাংলাদেশি শ্রমিকদের বিষয়টি পুরো জানার পর তারা সহায়তায় এগিয়ে আসেন।
“বাংলাদেশ সরকারের পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় শ্রমিকদের ফিরিয়ে আনতে আন্তরিকতা দেখিয়েছে। তারা অত্যন্ত ইতিবাচক অবস্থান নেওয়ায় শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
