নারীর অগ্রগতিতে পুরুষকে সহযোগী হওয়ার আহ্বান কবরীর
ব্যবসা বাণিজ্যসহ অন্যান্য খাতে নারীর অংশগ্রহণ নির্বিঘ্ন করতে পুরুষদেরকে সহযোগীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী ও নারীনেত্রী সারা বেগম কবরী।
বুধবার রাজধানীতে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে করে তিনি বলেন, “পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেক বাধা অতিক্রম করে নারীরা ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজেও বিশেষ কৃতিত্ব দেখিয়েছে।
“নারীদের সেই অগ্রযাত্রা সব সময় সুখকর হয়নি। সমাজের স্তরে স্তুরে তারা অনেক বাধা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। খুব কম ভাগ্যবতী নারী আছেন, যারা নির্বিঘ্নে কাজ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছেন।”
এতসব বাধার মধ্যেও পৃথিবীতে ফ্লোরেন্স নাইটিংগেল, চাঁদ সুলতানার মতো নারীদের আগমন ঘটেছিল মন্তব্য করে কবরী বলেন, “পুরুষদের বলব- আপনারা যদি সহযোগিতার হাত না বাড়ান, তাহলে নারীরা স্বস্তিতে এগোতে পারবেনা।
“এটা শুধু বাংলাদেশের পরিপেক্ষিতে নয়, তথাকথিত উন্নত বিশ্বেও নারীদের স্বাধীন কাজকর্মে বাধা রয়েছে। পৃথিবী ঘোরার সুবাধে নিজ চোখে দেখেছি।”
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস এর স্কুল অব বিজনেস এই সেমিনারের আয়োজন করে।
এতে দেশের সামাজিক অবস্থা তুলে ধরে অভিনেত্রী কবরী বলেন, “নারীরা ছোটবেলায় বাবা-মার কথার বাইরে যেতে পারে না, এরপর বড় হলে স্বামী আবার বুড়ো হলে ছেলে মেয়েদের নিয়ন্ত্রণে তাদের থাকতে হয়।”
কর্মজীবনে নানা চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবেলার পরামর্শ দিয়ে নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে কবরী বলেন, “যেখানে সুখ আছে, সেখানে দুঃখ আছে, যেখানে আলো আছে সেখানে আঁধার আছে। এটাই নিয়ম। ভয় পাওয়ার কিছু নেই।”
তিনি বলেন, এদেশের প্রতিটি নারীকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে। ব্যবসা কিংবা অন্য যেকোনো উদ্যোগের ক্ষেত্রে পুরুষ নারীর মধ্যে কোনো পার্থক্য নাই- এই সত্য আজ সুপ্রতিষ্ঠিত।
নতুন প্রজন্মকে প্রতিটি কাজে একনিষ্ঠ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষ তার কর্তব্যের বাইরে কতটুকু কাজ করল তার ওপরেই তার জীবনের সফলতা নির্ভর করে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলাম পারভেজ।
তিনি পিএইচপি গ্রুপ ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে ইউআইটিএস ক্যাম্পাসে ‘ইউআইটিএস উইমেন ডেভেলপমেন্ট সেন্টার’ নামে নতুন একটি সেন্টার চালুর ঘোষণা দেন।
ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্ব সেমিনারের সফল নারী উদ্যোক্তাদের মধ্যে বেসিস এর ভাইস প্রেসিডেন্ট ও ইউওয়াই সিস্টেমস লিমিটেডের সিইও ফারহানা এ রহমান, কারিগর এর অন্যতম উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, ইন্টেরিয়র ডিজাইনার দুর্দানা হোসেন, ফ্যাশন ডিজাইনার ও রিলাজ এর ব্যবস্থাপনা পরিচালক মানতাসা আহমেদ বক্তব্য রাখেন।
ফারহানা বলেন, নারীদেরকে উদ্যোক্তা হতে হলে সৃষ্টিশীল কোনো নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। কারণ এখনকার প্রতিযোগিতার বিশ্বে ভিন্নভাবে চিন্তা করতে না পারলে সামনে এগুনো সম্ভব নয়।
