২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বটিয়াঘাটার ইউএনও’র আদেশ কেন বেআইনি নয়: হাই কোর্ট

বিচারিক হাকিমের ক্ষমতা প্রয়োগ করে খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেওয়া আদেশ কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 12:08 AM

Updated : 20 Aug 2022, 02:16 PM

একই সঙ্গে দুটি অভিযোগের বিষয়ে ওই ইউএনওর সিদ্ধান্তসহ যাবতীয় নথিপত্র দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ বুধবার পৃথক দুটি রিটের শুনানি শেষে রুল জারি করে এই নির্দেশ দেন।

জনপ্রশাসন সচিব, খুলনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বটিয়াঘাটার ইউএনও, ওসিসহ সাত বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারী উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম ও রবীন্দ্রনাথ দত্তের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও সিমন টি আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে আলতাফ হোসেন বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ইউএনও অভিযোগ পেয়ে সমন ইস্যু করেছেন। মামলা হিসেবে নম্বর দিয়েছেন। বাদীর বক্তব্য নিয়েছেন। একটি অভিযোগের শুনানি শেষে মামলা করতে ওসিকে নির্দেশ দিয়েছেন। অন্য আরেকটি অভিযোগ এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজু করতে বলেছেন।”

ইউএনওর এ সিদ্ধান্ত মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি দাবি করে তিনি  বলেন, “এখানে ইউএনও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজ করেছেন, যা তিনি কখনোই করতে পারেন না। এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত এমনকি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গেও সাংঘর্ষিক। কারণ তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এখতিয়ার বহির্ভূতভাবে প্রয়োগ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেবল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন। কিন্তু তিনি বিচার কাজ পরিচালনা করেছেন, যা ফৌজদারী কার্যবিধির পরিপন্থি।”

গত বছরের ২৬ অগাস্ট বেল্লাল হাওলাদার নামের এক ইট-বালু ব্যবসায়ী স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত দেন। অন্যদিকে ইউএনও অফিসের নিরাপত্তাপ্রহরী অগাস্টে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলমের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন। এর ভিত্তিতে ইউএনও অপর আদেশটি দেন।