রাজনীতির আড়ালে সাম্প্রদায়িকতায় উসকানি দেওয়া হচ্ছে: নূর
দেশে বিভেদ সৃষ্টির করতে রাজনীতির আড়ালে সাম্প্রদায়িকতায় ‘উসকানি দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ করে সংস্কৃতিকর্মীদেরকে নিজ নিজ অবস্থানে সংহত হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নিয়মিত পথনাটক অভিনয় মৌসুম ও রজতজয়ন্তী’ অনুষ্ঠানমালার উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।
নূর বলেন, “একটি অপশক্তি দেশের শান্তি বিঘ্ন করছে। নানা স্থানে অরাজকতা- অস্থিরতা সৃষ্টি করছে। এসব অস্থিরতা-জঙ্গিবাদ-নারী-শিশু নির্যাতন সহ্য করা হবে না।
“প্রধানমন্ত্রীর নিদের্শনায় জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংস্কৃতিককর্মীদের এই আন্দোলনে সামিল হতে হবে।”
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, জঙ্গি হামলা, নারী ও শিশুদের উপর নির্যাতনের ভয়াবহতা বাড়ার প্রেক্ষাপটে সারা দেশে একটি বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাও প্রয়োজন বলে মনে করছেন সংস্কৃতিমন্ত্রী।
“দেশের ক্লান্তিলগ্নে সাংস্কৃতিক কর্মীরা কখনও ঘরে বসে থাকেনি; বরং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলে মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও দেশের চলমান সংকট থেকে উত্তরণে সংস্কৃতিকর্মীরা এগিয়ে এসেছে।”
পথনাটক সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম শাণিত হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেন অভিনেতা আসাদুজ্জামান নূর।
‘জঙ্গিবাদ নারী ও শিশু নির্যাতন, রুখবে এবার জনগণ’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ‘নিয়মিত পথনাটক অভিনয় মৌসুম’র আয়োজন করে বাংলাদেশ পথনাটক পরিষদ।
২০১৭ সালের ১ মে পর্যন্ত চলমান এবারের পথনাটক অভিনয় মৌসুমে প্রতি শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পথনাটক পরিবেশন করবে বিভিন্ন সংগঠন।
এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে পথনাটক প্রদর্শনী হবে বলে জানান আয়োজকরা।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পরপর আত্মপ্রকাশ করে বাংলাদেশ পথনাটক পরিষদ। এ সংগঠনের উদ্যোগে ১৯৯১ সালে শুরু হয় পথনাটক মৌসুমের।
উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
তিনি বলেন, “পথনাটক মানুষকে তাদের অধিকারের বিষয়ে আরও সচেতন গড়ে তুলবে।”
উদ্বোধনীতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা রচিত ও নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত হত্যা-ধর্ষণবিরোধী পথনাটক ‘শিকারী’।
এর আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে প্রাচ্যনাট। তাদের এই পরিবেশনায় উঠে আসে হলি আর্টিজানের জঙ্গি হামলা থেকে শুরু করে সম্প্রতি নাসিরনগরে সংখ্যালঘুদের হামলার বিভিন্ন দিক; বাদ যায় নি রামপাল-সুন্দরবন ইস্যুও।
এসব ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।
