গুলশানে দগ্ধ আরেক গৃহকর্মীর মৃত্যু
ঢাকার গুলশানের একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ আরও এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বেদানা আক্তার নামের ২০ বছর বয়সী ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার সকাল ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেদেনার মৃত্যু হয় বলে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “মেয়েটির শরীরের ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল।”
গত সোমবার ভোরে গুলশান দুই নম্বর সেকশনে নাভানা টাওয়ারের ওই বাসায় আগুনের ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হল।
পুলিশের ধারণা, পাইপ ছিদ্র হয়ে গ্যাস জমে গিয়েছিল রান্নাঘরে। চুলা জ্বালানোর সময় ঘরে আগুন ধরে গেলে তিন গৃহকর্মী দগ্ধ হন।
তাদের মধ্যে শরিফা আক্তার (১৮) সোমবার রাতেই হাসপাতালে মারা যান। পারভীন বেগম (২৬) নামে আরেকজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
পারভীনের অবস্থাও ভালো নয় বলে পার্থ শংকর পাল জানিয়েছেন।
