এনসিসি নির্বাচন: দলীয় প্রার্থিতার ক্ষমতাপ্রাপ্তের নাম পাঠাতে চিঠি
প্রথমবারের মতো দলীয়ভাবে হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও স্বাক্ষর সাত দিনের মধ্যে জমা দিতে রাজনীতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার এ সংক্রান্ত বিধান জানিয়ে নিবন্ধিত দলগুলোর কাছে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক।
২২ ডিসেম্বর ভোটের দিন রেখে গত সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
২৪ নভেম্বর পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
মেয়র পদে দলীয়ভাবে ভোট হচ্ছে; এক্ষেত্রে দল মনোনীত প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
নির্বাচন বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সম পর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কোনো দল একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবে না।
রাজনীতিক দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো ইসির সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দল কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষমতা দিলে সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র আগামী সাত দিনের মধ্যে (২১ নভেম্বরের মধ্যে) রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি নির্বাচন কমিশনেও পাঠাতে হবে।
মেয়র স্বতন্ত্র প্রার্থিতার ক্ষেত্রে ৩০০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তালিকা দিতে হবে। কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোট হবে।
আইভীকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী নির্বাচনে অংশ নিতে হলে পদত্যাগ করে প্রার্থী হতে হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
আদালতের রায়ে সিটি করপোরেশনের মেয়র পদটি লাভজনক বিবেচিত হওয়ায় প্রার্থী হতে পদ ছাড়তে হচ্ছে তাকে।
সিটি করপোরেশন আইনে বলা হয়েছে, মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে এ ব্যক্তি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে হলে তাকে পদত্যাগ করে প্রার্থী হতে হবে।
কাউন্সিলর পদধারীরা লাভজনক পদে অধিষ্ঠিত না হওয়ায় তারা পদত্যাগ না করে প্রার্থী হতে বাধা থাকবে না।
সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতায় এ বিষয়ে বিশেষ পরিপত্র জারি করা হয়।
