শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মৌখিক পরীক্ষার জন্য ১৮ হাজার ৯৭৩ জন উত্তীর্ণ হয়েছেন, যাদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ৩২৯ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৬৪৪ জন রয়েছেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ১২ ও ১৩ অগাস্ট শিক্ষক নিবন্ধনের স্কুল ও কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জন অংশ নেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএস করে জানানো হবে।
পরীক্ষার ফলাফল এনটিআরসিএ’র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া উত্তীর্ণদের এসএমএস করেও ফল জানিয়ে দেওয়া হবে।
ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ৪২টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়।
২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা নেওয়া শুরু করে।
স্কুল-কলেজের পরিচালনা পর্যদের ক্ষমতা খর্ব করে চলতি বছর থেকে সরকার এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম চালু করেছে।
