২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়া নিয়ে ‘বাইরে বাইরে ঘুরছিলেন’ রুবেল

র‌্যাবের হাতে আটকের পর পুলিশের পাহারায় ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া রাফসান হোসেন রুবেল হাতকড়া নিয়েই বাইরে বাইরে ঘোরার সময় ধরা পড়েন বলে ডিএমপি জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 05:46 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের মামলার প্রধান এই আসামিকে মঙ্গলবার সকালে উত্তর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারের পর তাকে পুনরায় ঢাকার আদালতে নিয়ে যায় পুলিশ। ঢাকা মহানগর হাকিম তাকে ছয় দিনের পুলিশে রিমান্ডের নির্দেশ দিয়েছেন।

গত রোববার বিকালেও রুবেলকে নিয়ে পুরান ঢাকার আদালত পাড়ায় গিয়েছিল পুলিশ। তখন হাকিমের খাস কামরার সামনে থেকে তিনি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানায়।

ওই ঘটনায় বাড্ডা থানার উপ-পরিদর্শক ইমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ধর্ষণের মামলার পর ১১ নভেম্বর রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। পরদিন তাকে বাড্ডা থানা পুলিশে তুলে দেওয়া হয়েছিল। তার পরদিনই পালিয়ে যান এই যুবক।

রুবেলকে ফের গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, পালানোর পর থেকে তারা এই আসামির সম্ভাব‌্য গতিবিধির দিকে নজর রাখছিলেন।

“সকালে বাড্ডা থানার এসআই বিএম মামুন সুবাস্তু টাওয়ারের পাশে বাসস্ট্যান্ডে রুবেলকে দেখতে পেয়ে জাপটে ধরে ফেলে।”

ওই সময় রুবেলের এক হাতে হাতকড়া ছিল। এই হাতকড়া কাপড়ে পেঁচিয়ে রেখে তিনি দুদিন টঙ্গী-উত্তরায় ঘুরছিলেন বলে পুলিশ জানায়।

পুলিশ কর্মকর্তা মোস্তাক বলেন, “পালিয়ে যাওয়ার পর রুবেল শাঁখারি বাজার (পুরান ঢাকার আদালত পাড়ার কাছেই) এলাকায় একটি মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ে। সেখানই অবস্থান করে মাগরিব পর্যন্ত।”

এই সময়ের মধ্যে রুবেল চট্টগ্রামে ভগ্নিপতির সঙ্গে যোগাযোগ করে মোবাইল ব‌্যাংকিংয়ের মাধ‌্যমে এক হাজার টাকা সংগ্রহ করেন বলে উপকমিশনার জানান।

“মাগরিবের পর অন্ধকার হলে সে গুলিস্তানে আসে। সেখান থেকে বাড্ডা এলাকায় এসে কয়েকজন বন্ধুর সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে, তবে কাউকে পায়নি।”

রাতে ভাটারা এলাকার একটি নির্মাণাধীন ভবনে রুবেল রাত কাটিয়েছিলেন বলে পুলিশের ভাষ‌্য। সোমবার সকালে বাসে চেপে টঙ্গতে যান তিনি।

“টঙ্গী এলাকায় অবস্থানকালে সে একাই ঘোরাঘুরি করে এবং ফুটপাতের দোকান থেকে কেক, বিস্কুট, চটপটি, পিঠা কিনে দিন কাটায়,” বলেন উপকমিশনার মোস্তাক।

তিনি বলেন, সন্ধ্যার পর রুবেল আবার বাড্ডা এলাকায় ফিরে আসেন এবং সুবাস্তু টাওয়ারের কাছে এক বস্তির পাশে ঘোরাঘুরি করে রাত কাটিয়ে দেন।

“সকালে সে বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছিল বাসের জন্য। তার চেষ্টা ছিল কোনো বাসে উঠে ঢাকার বাইরে চলে যাবে।”

কিন্তু তার আগেই সাদা পোশাকে পুলিশের তৎপরতায় এই আসামি ধরা পড়েন, বলেন উপকমিশনার মোস্তাক।

“সাদা পোশাকে থাকায় রুবেল তখন ছিনতাইকারী বলে আশেপাশের লোকজনের সমর্থন নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ধস্তাধস্তির সময় হ্যান্ডকাপ বেরিয়ে এলে জনগণই পুলিশকে সহায়তা করে।”

গত ২৫ অক্টোবর গারো তরুণীকে ধর্ষণের ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়েছিল। পুলিশ ওইদিনই সালাউদ্দিন মিনা নামে রুবেলের এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল। এরপর রুবেলকে খোঁজার মধ‌্যে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুবেল দুধর্ষ সন্ত্রাসী। সে রূপবান, তার চেহারার ফাঁদে ফেলে অনেকের শ্লীলতাহানি করেছে। এটা আগে জানা যায়নি, এখন অনেকেই আমাদের কাছে অভিযোগ দিচ্ছেন।”

ধর্ষিত ওই তরুণী বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের বাড়িটিতে ২৫ অক্টোবর তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

ওই বাসা থেকে বের হওয়ার পরই রুবেল তাকে ভয় দেখিয়ে পাশের একটি বস্তিঘরে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পুরনো খবর:

বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ
গারো তরুণী ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
গারো তরুণী ধর্ষণের আসামির আদালত থেকে পলায়ন