গারো তরুণী ধর্ষণের আসামির আদালত থেকে পলায়ন
গারো তরুণী ধর্ষণের মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল পালিয়েছেন ঢাকার আদালত এলাকা থেকে।
রোববার পুরান ঢাকার আদালত পাড়া থেকে এই আসামির পলায়নের পর দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিমানবন্দর স্টেশন এলাকা থেকে শুক্রবার র্যাবের অভিযানে গ্রেপ্তার রুবেলকে (২৬) রোববার ঢাকার আদালতে নিয়েছিল বাড্ডা থানা পুলিশ।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড্ডা থানার উপ-পরিদর্শক ইমরান উল হাসান একজন কনস্টেবলসহ আসামি রুবেলকে নিয়ে নিম্ন আদালতে গিয়েছিলেন।
রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা ছিল জানিয়ে উপ-কমিশনার জানান, “বিকালের দিকে ম্যাজিস্ট্রেটের কক্ষে নেওয়ার আগেই সে কৌশলে পালিয়ে যায়।”
কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি ঘটেছে দুপুরের পরে ৩টা সাড়ে ৩টার দিকে। হাকিমের খাস কামরায় দরজার বাইরে থেকে লাপাত্তা হয়ে যায়।”
বাড্ডা থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসআই জবানবন্দি নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার কক্ষে কথা বলছিলেন। এ সময় রুবেলকে নিয়ে দরজার বাইরে কনস্টেবল অপেক্ষা করছিলেন।
“ম্যাজিস্ট্রেটের কক্ষে যাওয়ার প্রস্তুতি হিসাবে রুবেলের হাতকড়া খুলে ফেলা হয়। এমনই এক সুযোগে কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় রুবেল।”
ঘটনার পর সংশ্লিষ্ট আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. সেলিমসহ অন্যদের তাদের কার্যালয়ে খুঁজে পাওয়া যায়নি।
এবিষয়ে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিকে কোর্ট হাজতে ঢোকানো হয়নি।”
এই ঘটনার পর উপ-পরিদর্শক ইমরান এবং কনস্টেবল দীপক চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
গত শুক্রবার র্যাব গ্রেপ্তারের পর শনিবার তাকে বাড্ডা থানায় হস্তান্তর করেছিল।
গত ২৫ অক্টোবর ঢাকায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়েছিল। পুলিশ ওইদিনই সালাউদ্দিন মিনা নামে রুবেলের এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল।
