শাহবাগে অবরোধ করে নাসিরনগর লংমার্চের ঘোষণা
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ছয় দফা দাবিতে ঢাকার শাহবাগ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠন।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে সচেতন শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও মাইনরিটি রাইটস মুভমেন্ট নামের তিন সংগঠনের ব্যানারে প্রায় ৩০০ শিক্ষার্থীর অবরোধ কর্মসূচি থেকে লংমার্চের এই ঘোষণা আসে।
তাদের অবরোধের কারণে বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় হয়ে যান চলাচল বন্ধ থাকে, আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট।
মাইনরিটি রাইটস মুভমেন্টের প্রদীপ চন্দ্র কর্মসূচি ঘোষণা করে বলেন, “আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করব আমরা। শুক্রবার সকাল ৯টায় শাহবাগ মোড় থেকে শুরু হবে আমাদের নাসিরনগর পর্যন্ত লংমার্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
সাম্প্রদায়িক হামলার ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ ওই এলাকার ‘নিষ্ক্রিয়’ কর্মকর্তাদের অপসারণ ও ‘দৃষ্টান্তমূলক শাস্তিসহ’ ছয় দফা দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠন; নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হামলায় শিকার সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ধর্মীয় উপসানালয় আবার নির্মাণের জন্য আর্থিক সহায়তা; ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং হামলায় উসকানিদাতা, মদদদাতা ও হামলাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও রয়েছে এর মধ্যে।
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির ভাঙা হয়; ভাংচুর-লুটপাট করা হয় হিন্দুদের শতাধিক ঘর-বাড়ি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির উপস্থিতিতে সমাবেশে ‘উসকানিমূলক’ বক্তব্যের পর ওই হামলার ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এরপর ৪ নভেম্বর এবং ১৩ নভেম্বর দুই দফা হিন্দুদের বাড়ি ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, ওই হামলার নেপথ্যে ছিল নাসিরনগরের এমপি ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।
নাসিরনগর ছাড়াও গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কয়েক ডজন মন্দিরে হামলা ও প্রতীমা ভাঙচুরের ঘটনা ঘছে, যার প্রতিবাদে ৪ নভেম্বর এক ঘণ্টা এবং ১১ মে সাত ঘণ্টা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সনাতন ধর্মাবলম্বীদের শিক্ষার্থী সংগঠনগুলো।
প্রতিবাদ নয়, প্রতিরোধ
মঙ্গলবার সমাবেশে নাসিরনগর ও গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় উস্কানি ও মদদদাতা এবং হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির পুনর্নির্মাণে সরকারি অনুদান এবং দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানোরও দাবি ওঠে সমাবেশে।
বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির সভাপতি মিঠুন চৌধুরী বলেন,
সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সংখ্যালঘু নির্যাতন রুখতে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান।
প্রায় আড়াইঘন্টা ধরে চলা সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও পোস্টার।
কারও প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ’, ‘সংখ্যালঘুর রক্ত আর কত দরকার?’, ‘দেশ ছাড়তে হুমকি কেন, রাষ্ট্র জবাব দাও’, ‘নো মোর ভায়োলেন্স অন মাইনরিটি’, ‘এ দেশ নয়, এ মৃত্যু উপত্যকা’। কেউ আবার পোস্টারে ব্যঙ্গাত্মক ছবি এঁকে জানিয়েছেন প্রতিবাদ।
সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কাজল বন্দোপাধ্যায়, জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব কুমার বিশ্বাস।
