শিল্পকলায় জাতীয় নৃত্যনাট্য উৎসবের উদ্বোধন
সারা দেশের ১৬টি নৃত্য সংগঠনের অংশগ্রহণে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব।
সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল হলে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষের যুদ্ধে নৃত্যনাট্য হতে পারে এক শক্ত যুদ্ধাস্ত্র। এ মুহূর্তে নৃত্যনাট্য অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান ভূমিকা পালন করতে পারে।”
‘সমাজ রক্ষা, উন্নয়ন, মানবিক গুণাবলী’ বিকাশের জন্যও নৃত্যনাট্য চর্চার ‘গুরুত্ব’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মুহিত বলেন, “সংস্কৃতির নানা মাধ্যমের মধ্যে নৃত্যনাট্য একটি শক্তিশালী মাধ্যম, যা নানা শিক্ষা প্রদান করে। এই মাধ্যমটি থেকে নানা রস আস্বাদন করে আমরা সমৃদ্ধ হতে পারি।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)
রাহিজা খানম ঝুমু সংস্কৃতিখাতে বাজেটের অপ্রতুলতার দিকটি তুলে ধরে বলেন, “বাজেটের জন্য আমরা অনেক ভালো কাজ করতে চেয়েও পারি না।”
তার কথার সূত্র ধরে সংস্কৃতিখাতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানান নাসির উদ্দীন ইউসুফ।
তিনি বলেন, “আমাদের দেশে সাংস্কৃতিক বিপর্যয় ঘটে গেছে। ঘুরে দাঁড়াতে হলে এখন সুচিন্তিতভাবে নতুনভাবে কর্মপ্রক্রিয়া শুরু করা উচিৎ। জাতীয় উৎসবগুলো কেন্দ্রীয়ভাবে হওয়ার চেয়ে সারা দেশের স্কুল-কলেজে হওয়াই গুরুত্বপূর্ণ।”
পরে ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’।
আট দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বগুড়ার ‘আমরা কজন’ শিল্পী গোষ্ঠী মঞ্চস্থ করবে ‘বারামখানা’, একই ভেন্যুতে পরে ‘শ্যামা’ নৃত্যনাট্যটি পরিবেশন করবে ঢাকার নৃত্যালোক।
২২ নভেম্বর ঢাকার বেণুকা ললিতকলা কেন্দ্রের ‘রক্ত লাল অহঙ্কার’ পরিবেশনায় পর্দা নামবে আট দিনব্যাপী এ উৎসবের।
