প্রধানমন্ত্রী মরক্কোয়
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মরক্কো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল সোয়া ১০টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মরক্কোর স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় তিনি মারাকেশের মেনারা বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানান মরক্কোর শিক্ষামন্ত্রী রাশিদ বেলমোখতার। বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনও উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক প্যারিস চুক্তির পর মারাকেশে প্রথম জলবায়ু সম্মেলন বসছে, যার অনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিস (কপ)।
যে দেশগুলো প্রথমেই প্যারিস চুক্তিতে অনুস্বাক্ষর করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মরক্কো যাচ্ছে; যাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ছাড়াও বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ রয়েছেন।
জলবায়ু সম্মেলন শেষে বুধবার মরক্কো থেকে রওনা হয়ে ওই দিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
