সংস্কৃতির ধারা-উপধারা লিপিবদ্ধের আহ্বান মুহিতের
বাঙালির সংস্কৃতির নানা ধারা-উপধারার কথা লিপিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শচীন দেববর্মণ সংগীত উৎসব ও নৃত্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন
সাহিত্যের ছাত্র মুহিত বলেন, “আমাদের ইতিহাসে সাংস্কৃতিক বাধার কথা নানাভাবে উঠে আসলেও ধারা-উপধারার কথা কিন্তু সেভাবে লিপিবদ্ধ করা নেই। আমাদের সাংস্কৃতিক বিকাশের ধারা যদি লিপিবদ্ধ করা যায়, তবে খুব ভালো হয়।”
উপমহাদেশের কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী শচীন দেববর্মণ স্মরণে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা আয়োজন করে এ উৎসব। ১১ নভেম্বর সংগীত উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রোববার ছিল এই আয়োজনের সমাপনী দিন।
শচীন দেববর্মণের স্মৃতিচারণ করে মুহিত বলেন, “পঞ্চাশের দশকে তাকে দেখেছিলাম কুমিল্লায়, সর্বশেষ দেখেছিলাম ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। ত্রিপুরার রাজপরিবারের সন্তান সংগীতের প্রতি এতই মগ্ন হয়ে পড়েন যে সব ছেড়েছুড়ে তিনি একদিন পাড়ি দিলেন কলকাতায়, তারপর মুম্বাই। তার কণ্ঠ এখনও কানে বাজে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বহ্নিশিখার প্রধান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার।
সংস্কৃতি খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়ে মিনু হক বলেন, “বাজেট পেলে আমরা গান-কবিতা ও নাটকের পাশাপাশি নাচকেও সারা দেশে ছড়িয়ে দিতে পারব।”
পরে নৃত্য সন্ধ্যায় সৌমিত্র ড্যান্স গ্রুপ পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’, সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’। নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা, ভারতের বহরমপুরের কলাক্ষেত্র।
শুক্রবার উদ্বোধনী সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে দলীয় সংগীত পরিবেশন করেছে বহ্নিশিখা। একক সংগীত পরিবেশন করেন সজিব চৌধুরী, মামুন জাহিদ খান, তানসেন রহমান, আবিদা রহমান সেতু, ভারতের কলকাতার দোলা বন্দ্যোপাধ্যায়। কোরিওগ্রাফি পরিবেশনায় ছিলেন কলকাতার নবনালন্দা।
শনিবার উৎসবের দ্বিতীয় দিনের আসরে একক সংগীত পরিবেশন করেন সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, সুজিত মোস্তফা, বাবু রহমান, চন্দনা মজুমদার, রুপালি চম্পক, পাপিয়া, সন্দিপন, ত্রিপুরার রাকেশ দেববর্মণ, তনুজা দেববর্মণ ও সুব্রত দেবনাথ। সেদিনের আসরে নৃত্য পরিবেশন করে স্পন্দন ও বহ্নিশিখা।
