‘লিট ফেস্ট’ বদলে দেবে অনুবাদ সাহিত্য: আশা শামসুজ্জামান খানের
বিশ্বসাহিত্য অঙ্গনে বাংলা ভাষা ও সাহিত্যের যথেষ্ট কদর থাকলেও ‘যথাযথ’ অনুবাদের ‘অভাব’ রয়েছে বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
আগামী ১৭ নভেম্বর থেকে বাংলা একাডেমিতে শুরু হতে যাওয়া ষষ্ঠ ‘ঢাকা লিট ফেস্ট’ অনুবাদ সাহিত্যের গতিপ্রকৃতি বদলে দেবে বলে আশা প্রকাশ করছেন তিনি।
এই সাহিত্য উৎসব উপলক্ষে রোববার বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শামসুজ্জামান খান বলেন, “এত বড় উৎসব সত্যিই আমাকে আপ্লুত করেছে। বাংলা একাডেমি বরাবরই দেশকে এবং দেশের সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরতে চেষ্টা করেছে। এটা সংস্কৃতির আদান প্রদানের যে প্রচেষ্টা করেছে সেটি সত্যিই অতুলনীয়।”
লিট ফেস্ট বাংলাদেশে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলেও মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক।
বাংলা একাডেমি চত্বরে শুরু হতে যাওয়া ‘ঢাকা লিটারারি ফেস্টিভাল’ নামের এই উৎসব হতে যাচ্ছে দেশি-বিদেশি সাহিত্য অঙ্গনের পরিচিত মুখগুলোর মিলন মেলা।
আগামী বৃহস্পতিবার সকাল ৯টায় এই উৎসবের উদ্বোধন করবেন নোবেলজয়ী সাহিত্যিক ভিএস নাইপল ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ জানান, ষষ্ঠবারের এই আয়োজনের পরিধি আগের বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে।
কাজী আনিস আহমেদ বলেন, বিশ্বসাহিত্যে শীর্ষ পুরস্কার নোবেল, পুলিৎজার ও ম্যানবুকারপ্রাপ্ত তিনজন সাহিত্যিক আসছেন।
২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার বিজয়ী ও ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার ইভ উইল্ড জয়ী ডেবোরাহ স্মিথ, উত্তর কোরিয়ার লেখক হাইয়েনসিও লি এবং নেপাল, ভুটানসহ অনেক দেশের সাহিত্যিক আসছেন এই উৎসবে।
কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হককে স্মরণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হবে এই আয়োজনে। তার লেখা উপন্যাস ‘নীল দংশন’ এর একটি অংশ ইংরেজিতে মঞ্চায়িত হবে। তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে।
ফখরুল আলম অনূদিত মীর মোশাররফ হোসেনের উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র প্রকাশনা উৎসব হবে এই আয়োজনে।
এ বছর জেমকন সাহিত্য পুরস্কারও দেওয়া হবে এই উৎসবের মঞ্চ থেকে।
নাইপলের ওপর বিবিসির একটি বিশেষ ডকুমেন্টারি ‘স্ট্র্যাঞ্জ লাক অব নাইপল’ দেখানো হবে উৎসবের প্রথম দিনে।
বিবিসির সাউথ এশিয়া ব্যুরো চিফ জাস্টিন রোলেন, এনডিটিভির সাংবাদিক বারখা দত্ত ছাড়াও অনেক সাংবাদিক উৎসবে বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেবেন।
উৎসবের পরিচালক সাদাফ সায বলেন, বাংলাদেশের সাহিত্য, ঐতিহ্য অন্যান্য ভাষা-সংস্কৃতির মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন। বিশেষ করে পালা, জারি গান, বেহুলা লক্ষীন্দরের জারিসহ উৎসবের অন্যতম সহযোগী ব্র্যাকের সংস্কৃতি বিভাগ গ্রাম পর্যায়ে যেসব কাজ করছে সেগুলোও তুলে ধরা হবে।
দুটো বিশেষ ওয়ার্কশপ হচ্ছে তরুণদের জন্য। রিচার্ড পিয়ার এডিটিং ওয়ার্কশপ করাবেন। ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিনের এডিটর সায়মন আর্ট জার্নালিজমের ওপর একটি বিশেষ প্রশিক্ষণ দেবেন।
তিনদিনের এ উৎসবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন আয়োজন থাকবে।
উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। এর মাধ্যমে পাওয়া ই-টিকেট প্রবেশপত্র হিসেবে ব্যবহার হবে।
